‘আলো আঁধারকে জয় করবেই, ক্ষমা করো বুদ্ধ।’ বুদ্ধের কাছে এই ছিল ভক্তদের প্রার্থনা। গতকাল রোববার সকালের সেই বিশেষ প্রার্থনায় শামিল হয়েছিলেন কক্সবাজারের রামুর বৌদ্ধধর্মাবলম্বীরা। রামুর বৌদ্ধবিহারে হামলার এক বছর পূর্তিতে এ বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।
গত বছরের ২৯ সেপ্টেম্বর রাতে রামুর বৌদ্ধবিহার ও বসতবাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা। গতকাল সেই ঘটনার প্রতিবাদ জানাতে রামুর লাল চিং-সাদা চিং বিহারে সমবেত হয়েছিলেন বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ।
ভোর পাঁচটায় বুদ্ধপূজার মাধ্যমে রামু হামলার এক বছর পূর্তি দিবসের কর্মসূচির সূচনা হয়। সকাল নয়টায় সেখানে অনুষ্ঠিত হয় মহাসংঘদান কর্মসূচি। রামুর কেন্দ্রীয় সীমাবিহারের অধ্যক্ষ সত্যপ্রিয় মহাথেরর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় প্রধান অতিথি ছিলেন ধর্মসেন মহাথের। বক্তব্য দেন পটিয়া কেন্দ্রীয় বৌদ্ধবিহারের অধ্যক্ষ সংঘপ্রিয় মহাথের, উখিয়া বৌদ্ধবিহারের অধ্যক্ষ জ্যোতিপ্রিয় ভিক্ষু ও রামু মৈত্রী বিহারের ভিক্ষু সারমিত্র থের। সভায় সবার সুখশান্তি কামনা করে পঞ্চশীল প্রার্থনা করান নিবারণ বড়ুয়া।
রামু কেন্দ্রীয় বৌদ্ধ যুব পরিষদ দিনব্যাপী এই কর্মসূচির আয়োজন করে। বিকেল চারটায় রজত বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সঞ্চৃতিচারণা সভায় প্রধান অতিথির বক্তব্যে টিআইবির চেয়ারপারসন এবং আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল বলেন, ‘যারা প্রাচীন বৌদ্ধবিহার ও বসতিতে হামলা চালিয়েছে, এই সঞ্চৃতিচারণা সভা থেকে তাদের প্রতি ঘৃণা জানাচ্ছি। নতুন স্থাপত্যের সামনে দাঁড়িয়ে দ্রুততম সময়ের মধ্যে ধ্বংস হওয়া বিহারগুলো নির্মাণ করে দেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি।’
সুলতানা কামাল বলেন, ‘আমি যখন সীমাবিহারে যাই, তখন দেখেছি বৌদ্ধবিহারের ভেতরে আমাদের মুক্তিযুদ্ধের অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু এবং তাঁর কন্যা আজকের প্রধানমন্ত্রীর ছবিসংবলিত কিছু পোস্টার টাঙানো আছে। শেখ হাসিনার ছবি টাঙানোর বিষয়টা তাঁর কানে পৌঁছে দেওয়া হোক। আমি আশা করব, তিনি ছবির ঘটনায় বিব্রত বোধ করবেন। উপাসনালয়ে ভগবান বুদ্ধ থাকেন—সেখানে মানুষ পূজা করেন, অর্ঘ্য দেন। সেখান থেকে তিনি ছবি সরিয়ে নেওয়া নির্দেশ দেবেন।’
এ সভায় বক্তব্য দেন সমাজচিন্তক সলিমুল্লাহ খান, জ্যোতির্ময় বড়ুয়া, অধ্যাপক মোশতাক আহমদ, সুনীল বড়ুয়া, প্রবীর বড়ুয়া প্রমুখ।
অনুষ্ঠান উদ্যাপন পরিষদের আহ্বায়ক বিপুল বড়ুয়া বলেন, ‘গত বছরের ২৯ সেপ্টেম্বর রাতে বুদ্ধমূর্তি, বৌদ্ধবিহার ও বৌদ্ধবসতিতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগসহ উগ্র সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে এবং বিভীষিকাময় দিনটিকে সঞ্চরণের জন্য এই কর্মসূচির আয়োজন। আমরা হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার দাবি করছি।’