'ক্ষুদ্র জাতিসত্তার লোকেরা এখনো নির্যাতিত হচ্ছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক ও ক্রীড়া অনুষ্ঠানের মধ্য দিয়ে গতকাল শুক্রবার চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নওগাঁয় সাঁওতাল বিদ্রোহের ১৬২তম বার্ষিকী পালিত হয়েছে। আলোচনা সভায় বক্তারা বলেন, সাঁওতালেরা যে নির্যাতনের বিরুদ্ধে আন্দোলন করেছিল, তা এখনো বন্ধ হয়নি। ক্ষুদ্র জাতিসত্তার লোকেরা এখনো নির্যাতন-নিপীড়নের শিকার হচ্ছে। তাদের সার্বিক উন্নয়নের জন্য দলমত-নির্বিশেষে সবাইকে এক হয়ে কাজ করতে হবে।
১৮৫৫ সালের ৩০ জুন ভারতের ভাগলপুরের ভগনাডিহি গ্রামে ব্রিটিশ সাম্রাজ্যবাদ এবং তাদের এদেশীয় সামন্ত জমিদার ও লাঠিয়াল বাহিনীর বিরুদ্ধে সিধু, কানু, চাঁদ ও ভৈরব—এই চার ভাইয়ের নেতৃত্বে ২০ হাজার সাঁওতাল কৃষকের বিশাল জমায়েত হয়। সেখানে ব্রিটিশ সেনারা নির্বিচারে গুলি চালায়। এতে প্রায় ১০ হাজার সাঁওতাল কৃষক মারা যান।
দিবসটি উপলক্ষে গতকাল বেলা ১১টায় চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা চত্বর থেকে শোভাযাত্রা বের হয়। নাচোল আদিবাসী একাডেমি এর আয়োজন করে। শোভাযাত্রাটি শহর ঘুরে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। নাচোল আদিবাসী একাডেমির সভাপতি যতিন হেমব্রম সভায় সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাংসদ গোলাম মোস্তফা বিশ্বাস এবং বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল কাদের, ইউএনও মুহাম্মদ নাজমুল হক, উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের সভাপতি হিংগু মুরমু বক্তব্য দেন।
বক্তারা বলেন, আজও আদিবাসী নারীরা ধর্ষণের শিকার হচ্ছেন। তাঁদের জমিজমা, সমাধিস্থল গ্রাস করা হচ্ছে। নীরবে দেশত্যাগ বন্ধ হয়নি তাঁদের।
সাংসদ গোলাম মোস্তফা বিশ্বাস বলেন, ‘ক্ষুদ্র জাতিসত্তার মানুষদের ন্যায়সংগত সমস্ত দাবি ও আন্দোলনের পাশে থাকব।’
নওগাঁ শহরের মুক্তির মোড়ে আদিবাসী ইউনিয়নের জেলা শাখা সমাবেশ ও মানববন্ধনের আয়োজন করে। কর্মসূচিতে ক্ষুদ্র জাতিসত্তার মানুষদের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতির দাবি করা হয়। এতে সভাপতিত্ব করেন আদিবাসী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও সিপিবির জেলা সভাপতি মহসীন রেজা। প্রধান অতিথির বক্তব্য দেন কবি ও গবেষক আতাউল হক সিদ্দিকী।
রাজশাহী নগরের মিয়াপাড়ায় সাধারণ গ্রন্থাগারে আলোচনা সভা হয়। সভাটির আয়োজন করে জাতীয় আদিবাসী পরিষদের জেলা ও মহানগর কমিটি।
{প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়েছেন নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ এবং নওগাঁ ও রাজশাহী প্রতিনিধি}