'ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকেরা ভূমি জরিপ সম্পর্কে সচেতন নন'
ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকেরা কখনো ভাবেননি, ভূমির স্বত্বগত দলিল প্রয়োজন হতে পারে। তাঁদের অধিকাংশই এখনো ভূমি জরিপ, খাজনা, পর্চা রেকর্ড ইত্যাদি সম্পর্কে সচেতন নয়। রাষ্ট্রীয়ভাবে ভূমি রেকর্ড শুরু হলে তাঁদের জমি একশ্রেণির ভূমিদস্যু ভুলভাবে রেকর্ড করিয়েছে।
গতকাল সোমবার দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে ‘আদিবাসী জনগোষ্ঠীর ভূমি অধিকার: বাস্তবতা ও করণীয়’ শীর্ষক সেমিনার হয়। সেখানে উপস্থাপিত মূল প্রবন্ধে খোকন সুইটেন মুরমু এসব কথা বলেন। জাতীয় আদিবাসী পরিষদ, নাগরিক উদ্যোগ ও কাপেং ফাউন্ডেশন যৌথভাবে সেমিনারটির আয়োজন করে। এতে জাতীয় আদিবাসী পরিষদ দিনাজপুরের সভাপতি শীতল মারান্ডি সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক আলেকজান্ডার হাসদা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নাট্যজন শাহজাহান শাহ্, মুক্তিযোদ্ধা ও সাবেক পৌর মেয়র শফিকুল হক, জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ দিনাজপুরের সভাপতি রবিউল আউয়াল, প্রেসক্লাব সভাপতি চিত্ত ঘোষ, দিনাজপুর সম্মিলিত সাংস্কৃতিক জোটের সুলতান কামাল উদ্দিন প্রমুখ।