'ক্ষুদ্রঋণে সুদের হার কমালে গরিবেরা আরও উপকৃত হবে'
ক্ষুদ্রঋণ কার্যক্রমের সূচনা করে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির (বার্ড) মাধ্যমে বাংলাদেশের প্রান্তিক ও গ্রামীণ জনপদের মানুষ স্বাবলম্বী হয়েছে। ক্ষুদ্রঋণের সুদের হার কমালে গরিব মানুষ আরও উপকৃত হবে।
গতকাল মঙ্গলবার কুমিল্লার কোটবাড়ীতে বার্ডের আবদুল মুঈদ সম্মেলনকক্ষে আয়োজিত আফ্রিকান-এশিয়ান ক্ষুদ্রঋণবিষয়ক দুই সপ্তাহব্যাপী আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। কর্মশালায় চীন, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মিসর, ঘানা, জর্ডান, দক্ষিণ কোরিয়া, ওমান, নাইজেরিয়া, ফিলিস্তিন, সুদান ও বাংলাদেশের প্রতিনিধিরা অংশ নিয়েছেন।
এতে সভাপতিত্ব করেন বার্ডের পরিচালক (প্রকল্প) এ কে শরীফউল্লাহ। কর্মশালার উদ্বোধন করেন পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সরদার আবুল কালাম। বিশেষ অতিথির বক্তব্য দেন ভারতের নয়াদিল্লির আফ্রিকান-এশিয়ান
ক্ষুদ্রঋণ গবেষণা বিভাগের প্রধান খুশনুদ আলী, বার্ডের পরিচালক (প্রশিক্ষণ) কামরুল আহসান ও উপপরিচালক আবদুল্লাহ আল-মাহমুদ। কর্মশালায় দারিদ্র্য বিমোচনের বিভিন্ন কর্মকৌশল, পদ্ধতি ও সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা হয়। আগামী ৫ মার্চ ওই কর্মশালা শেষ হবে।