‘যে সব বঙ্গেতে জন্মে করে শহীদ মিনারের মানহানি/ সে সব কাহার জন্ম নির্ণয় ন জানি...।’ কবিতার প্যারোডি এ চরণগুলো প্ল্যাকার্ডে প্রদর্শন করা হয়। এ ছাড়া ভাঙচুর হওয়া শহীদ মিনারের সীমানাপ্রাচীরে গতকাল বুধবার সারিবদ্ধভাবে দাঁড়ান সিলেটের প্রতিবাদী তরুণদের সংগঠন ‘ক্ষ্যাপা তারুণ্য’-এর সদস্যরা। প্রায় আধা ঘণ্টার মানবপ্রাচীর শেষে শহীদ মিনার বেদিতে একাত্ম হয়ে সবাই এক ঘণ্টার প্রতীকী অনশন করেন। চলে গণস্বাক্ষর সংগ্রহ। আগামী ২৪ মার্চের মধ্যে শহীদ মিনার সংস্কার ও ভাঙচুরকারীদের গ্রেপ্তারে সময়সীমা বেঁধে দেওয়া হয়। এ সময় পার হলে আমরণ অনশনের ঘোষণার মধ্য দিয়ে গতকাল বিকেলে শেষ হয় ‘ক্ষ্যাপা তারুণ্য’-এর প্রতিবাদ কর্মসূচি ‘ক্ষ্যাপা তারুণ্যের মানবপ্রাচীর’। এলাকাবাসী জানান, গত ২২ ফেব্রুয়ারি সিলেটে ধর্মভিত্তিক কয়েকটি সংগঠনের বিক্ষোভ চলাকালে জামায়াত-শিবিরের একটি দল কেন্দ্রীয় শহীদ মিনারে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ ঘটনার প্রায় দুই সপ্তাহ পরও শহীদ মিনার ভাঙচুরকারীদের গ্রেপ্তার না করা এবং ভাঙচুর হওয়া শহীদ মিনার সংস্কারের উদ্যোগ না নেওয়ার ক্ষোভে ক্ষ্যাপা তারুণ্য এ কর্মসূচি পালন করে। ক্ষ্যাপা তারুণ্যের কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন সিলেটে গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক মইনুদ্দিন আহমদ, আবদুল করিম, বঙ্গবীর ওসমানী স্মৃতি পরিষদের সভাপতি সৈয়দ আহমদ বহলুল, সিলেট প্রেসক্লাব ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আল আজাদ, সাংবাদিক মাহবুবুর রহমান, বাপ্পা ঘোষ চৌধুরী, ছামির মাহমুদ, অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি ননু মিয়া, মুক্তচিন্তার সংগঠন ‘নিনাই’-এর সভাপতি তায়েফ আহমদ চৌধুরী প্রমুখ। শেষে ক্ষ্যাপা তারুণ্যের সংগঠক মহসিন হোসেন আগামী ২৪ মার্চের মধ্যে শহীদ মিনার সংস্কার ও ভাঙচুরকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে ২৫ মার্চ থেকে আমরণ অনশনের ঘোষণা দেন। সিলেটে ২০০৫ সালে তৎকালীন ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলার প্রেক্ষাপটে জঙ্গি-তৎপরতাবিরোধী প্রথম প্রতিবাদ জানাতে ‘ক্ষ্যাপা তারুণ্য’ আত্মপ্রকাশ করেছিল। এ সংগঠনটি গত বছরের ১৭ এপ্রিল বিএনপির নেতা এম ইলিয়াস আলী ‘নিখোঁজ’ হওয়ার ঘটনার প্রতিবাদে গুম-রাজনীতির অবসান চেয়ে প্রতিবাদ শোভাযাত্রা ও গত ৫ ফেব্রুয়ারি সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে গণজাগরণ মঞ্চে একাত্ম হয়ে ‘নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধা সংগ্রহ’ অভিযান চালিয়ে আলোচিত হয়।