'কয়লা ভরাই আর কাপড়ে ডলা দেই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দাঁড়িয়ে আছি নেত্রকোনার জারিয়া রেলস্টেশনে। একটা লোকাল ট্রেন আসবে, সেটার জন্যই অপেক্ষা। ট্রেন আসার কথা সাড়ে ছয়টায়। সাতটা বেজে গেলেও ট্রেনের দেখা নেই। সময় কাটাতে জারিয়া বাজারে ঢুকলাম। স্টেশনের পাশেই বাজার। অনেকখানি জায়গাজুড়ে বাজার। স্টেশনের পেছনে টেম্পোস্ট্যান্ড, মুদি দোকান, খাবারের হোটেল, ফার্মেসি, সেলুন, ফ্লেক্সিলোডের দোকান। এ ছাড়া আরও কিছু দোকান রয়েছে।
মুঠোফোনে টাকা ভরতে ফ্লেক্সিলোডের দোকানে গেলাম। চোখ আটকে গেল ঢাউস একটা ইস্তিরির দিকে। পাশেই কাপড় আয়রন করার জায়গা। ইস্তিরিটার ভেতরে লাল কয়লা জ্বলছে। আধুনিক এই সময়ে কয়লার ইস্তিরি! খানিকটা ধন্দ লাগে। বিদ্যুতের আলো জ্বলছে। ফ্যান ঘুরছে। কিন্তু কাপড় নিপাট মসৃণ করতে কিনা কয়লা? এ গল্প তো সেই কবেই ফুরিয়েছে! এখনো কে ধরে রেখেছে এ ঐতিহ্য?
খুঁজে বের করা হলো ‘ভাই ভাই সেলুন’-এর মালিককে। সেলুনের পাশেই যে কাপড় আয়রন করার ব্যবস্থা। দোকানির নাম মন্টু শীল। এক দোকানে তাঁর দুই পেশা। চুলের পরিচর্যা করেন, আবার পোশাকও ধোপদুরস্ত করেন।
মন্টু খোলাসা করলেন কয়লার ইস্তিরি ব্যবহারের কারণ। বললেন, ‘এখানে বিদ্যুৎ একেবারেই থাকে না। দিনে যে কতবার আসে-যায়, এর ঠিক নাই। কিন্তু ব্যবসা তো বন্ধ রাখা যায় না। তাই বছর দুয়েক আগে চিটাগাং থাইক্যা ইস্তিরিটা কিইনা আনছি। এখন বিদ্যুৎ না থাকলেও কিছু হয় না। কয়লা ভরাই আর কাপড়ে ডলা দেই।’
মন্টু জানালেন, কয়লার ইস্তিরিতে খরচও কম। একবার কয়লা ভরে আগুন জ্বেলে দিলে ঘণ্টা খানেক নির্বিঘ্নে চলে। এখানে কয়লাও কেনা যায় অল্প টাকায়। ফলে খরচও কম।
কথার ফাঁকে ফাঁকে মন্টু কাপড়ও ইস্তিরি করে ফেললেন কয়েকটা। বললেন, ‘আমার দুই ছেলে, ওরাও মাঝেমধ্যে ব্যবসায় হাত লাগায়। আমার জন্য এইটা একটা সুবিধা।’
ততক্ষণে ট্রেনের হুইসেল পড়ে গেছে। নেত্রকোনার পূর্বধলা উপজেলার জারিয়া ইউনিয়ন মানে মন্টু শীলের স্টেশন ছাড়ার সময় হয়ে যায়। বিদায় নিয়ে উঠে বসি ট্রেনে।