'কয়েক মিনিট বিদ্যুৎ না থাকলেও অস্বস্তি লাগে'

তিনজন প্রবীণ প্রকৌশলীকে সম্মাননা দিয়েছে বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইআইবি) চট্টগ্রাম কেন্দ্র। এ ছাড়া কেন্দ্রের সাবেক নির্বাহীদেরও সংবর্ধনা দিয়েছে সংগঠনটি।
‘ইঞ্জিনিয়ার্স ডে’ পালন উপলক্ষে দুই দিনব্যাপী অনুষ্ঠানের সমাপনী দিনে এ সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করে আইআইবি চট্টগ্রাম কেন্দ্র। এতে প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বিশেষ অতিথি ছিলেন আইআইবির কেন্দ্রীয় সভাপতি মো. কবির আহমেদ ভূঞা ও সাধারণ সম্পাদক মো. আবদুস সবুর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইআইবি চট্টগ্রাম কেন্দ্রের সভাপতি সাদেক মোহাম্মদ চৌধুরী, পরিচালনা করেন কেন্দ্রের সম্পাদক প্রবীর কুমার সেন।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, দেশের উন্নয়নে অবদান রাখছেন প্রকৌশলীরা। যে দেশের প্রকৌশলীরা যত বেশি তৎপর, সে দেশের প্রবৃদ্ধির হার তত বেশি। আগামী ১০ বছর বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই সময়টাতে সবাই আন্তরিকভাবে কাজ করলে দেশ ঈর্ষণীয় জায়গায় পৌঁছে যাবে।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, ‘পাঁচ-সাত বছর আগেও চিন্তা করতাম কয় ঘণ্টা বিদ্যুৎ থাকবে, আর এখন কয়েক মিনিট বিদ্যুৎ না থাকলেও অস্বস্তি লাগে। মানুষের চাহিদা বেড়ে গেছে, এই চ্যালেঞ্জ মোকাবিলা করাটা একটি বিরাট কাজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি এমনভাবে তৈরি করেছেন যে উন্নত দেশগুলো এখন এই দেশে বিনিয়োগের জন্য হুমড়ি খেয়ে পড়ছে।’
অনুষ্ঠানে প্রকৌশল খাতে অবদান রাখার জন্য প্রবীণ প্রকৌশলী জিয়া হোসেন, রোকনউদ্দিন আহমেদ ও মো. ইব্রাহিম খানকে সম্মাননা জানানো হয়। প্রধান অতিথি তাঁদের উত্তরীয় পরিয়ে দেন।