‘কয়েক মিনিটে সব শেষ’
‘রাত তখন তিনটা। গভীর ঘুমে মগ্ন সবাই। হঠাৎ প্রচণ্ড শোঁ শোঁ শব্দে ঘুম ভেঙে যায়। ঘর থেকে বের হয়ে দেখি, ঘরের পূর্ব পাশের গাছপালা নদীতে তলায়ে যাচ্ছে। শুরু হলো চিৎকার-চেঁচামেচি। সবাই যার যার ঘরের মালামাল, গরু ও ছাগল সরাতে লাগল। দেখতে দেখতে কয়েক মিনিটে সব শেষ হয়ে গেল।’ নদীভাঙনে ক্ষতিগ্রস্ত নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের চাকসি গ্রামের গৃহবধূ শেফালি বেগম (৫২) গতকাল শুক্রবার এভাবেই আগের রাতের ভয়াবহ অভিজ্ঞতার কথা বলেন। প্রতিবেশী এনায়েত খাঁ জানান, বসতঘর যখন নদীতে চলে যাচ্ছিল, তখন শেফালি বেগম তাঁর ঘরের খুঁটি ধরে রেখেছিলেন। লোকজন সরিয়ে না নিলে শেফালিও নদীতে ডুবে মরতেন। এই ভাঙনে শেফালি বেগমের আধাপাকা টিনশেড ঘরসহ বসতভিটা নদীতে চলে যায়। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে মধুমতী নদীর ভাঙনে শেফালি বেগমের মতো চাকসি গ্রামের আরও ১৭টি পরিবারের বসতঘর ও দুই হাজার গাছ নদীতে চলে গেছে। লোহাগড়া উপজেলা চেয়ারম্যান এস এম এ হান্নান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুণ কুমার মণ্ডল, শালনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম কাজী গতকাল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সরেজমিনে জানা গেছে, মধুমতীর ভাঙনে কাছেদ মোল্লা, মোশারেফ মোল্লা, এনায়েত খাঁ, ইব্রাহিম খাঁ, মফিজ খাঁ, কামরুল মোল্লা, রউফ মুন্সী, ছেকেন মোল্লা, মুছা মোল্লা, একেন মোল্লা, মনু মোল্লা, পান্নু মোল্লা, চুন্নু মোল্লা, তরিকুল মোল্লা, নবীর শেখ, মহিরন বেগম, রিজিয়া বেগম ও কাশেম মোল্লা ক্ষতিগ্রস্ত হয়েছেন। ভাঙন অব্যাহত থাকায় আরও ১৫০ পরিবারের বসতঘর ঝুঁকির মধ্যে আছে। গতকাল সকালে গিয়ে দেখা যায়, মোশারেফ মোল্লার ঘরের মালামাল চাকসি গ্রামের একটি মাঠে খোলা আকাশের নিচে ছড়িয়ে-ছিটিয়ে রাখা হয়েছে। তাঁর স্ত্রী রত্না বেগম সেখানে বসে কাঁদছিলেন। তিনি বলেন, ‘আমি গরিব মানুষ। ভিটে ছাড়া আর কিছুই নাই। হ্যান্যে পথে পথে বেড়াতি হবেনে।’ লোহাগড়ার ইউএনও অরুণ কুমার মণ্ডল জানান, চাকসি গ্রামের নদীভাঙনকবলিত পরিবারগুলোর তালিকা জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হয়েছে।