ঢাকা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০১৪-১৫ শিক্ষাবর্ষে বিজ্ঞান অনুষদের প্রথম বর্ষ স্নাতক শ্রেণিতে ভর্তি পরীক্ষা আজ শুক্রবার অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটের পরীক্ষা সকাল ১০টায় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের পরীক্ষা বিকেল তিনটায় শুরু হবে।
গতকাল বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ক’ ইউনিটে এক হাজার ৬৪০টি আসনের বিপরীতে মোট ৮০ হাজার ৪৪২ জন আবেদন করেছেন। রাজধানীর মোট ৭৬টি কেন্দ্রে সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার পরীক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে www.admission.eis.du.ac.bd) নির্দিষ্ট পদ্ধতিতে লগ-ইন করে আসনবিন্যাস জানতে পারবেন। এ ছাড়া মুঠোফোনে খুদে বার্তায়ও (এসএমএস) আসনবিন্যাস জানা যাবে। কাল শনিবার চারুকলা অনুষদে ভর্তির জন্য ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিজ্ঞান অনুষদের (এ ইউনিট) ভর্তি পরীক্ষা আজ বিকেল তিনটায় অনুষ্ঠিত হবে। এ অনুষদের ৭৯০টি আসনের বিপরীতে ৬১ হাজার ৪৫৯ জন আবেদন করেছেন। কাল শনিবার অনুষ্ঠিত হবে আইন অনুষদের (ই ইউনিট) ভর্তি পরীক্ষা।