'খনন নয়' পদ্ধতির সুফল কোথায়?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ রাস্তা খোঁড়াখুঁড়ি করতে হলো না, অথচ পাইপ বসানোর কাজ হলো নির্বিঘ্নে। পুরোনো পাইপ ভেঙে সেখানে প্রতিস্থাপিত নতুন পাইপে পানির প্রবাহ বাড়ল। বিস্তৃত হলো সারা ঢাকায়। রাস্তার ওপর থেকে বোঝাই গেল না যে মাটির নিচে এমন পালাবদল ঘটে গেছে।
বৃষ্টি হলে কাদামাখা গর্তে পড়ে যাওয়া, দমকা হাওয়ায় ধুলার প্রতাপ সহ্য করার দুর্ভোগ পোহাতে হলো না নাগরিকদের। এমনই হওয়ার কথা ছিল ঢাকা ওয়াসার পানি সরবরাহের পাইপ বসানোর ব্যবস্থা। একে বলা হয়েছিল ‘খনন নয়’ পদ্ধতি।
ঢাকা ওয়াসা ঢাকায় ‘খনন নয়’ পদ্ধতি চালু করেছিল বছর পাঁচেক আগে। কিন্তু বাস্তবে নগরবাসী তার সুফল পাচ্ছেন না।
এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে চলতি বছর ঢাকায় পানির ১ হাজার ৮০৫ কিলোমিটার পাইপলাইন বসানোর জন্য সড়কে ‘খনন নয়’ পদ্ধতি প্রয়োগ করে। এরই মধ্যে ১ হাজার ১০০ কিলোমিটার সড়কে পাইপ বসে গেছে। সাত কোটি টাকায় কেনা বিশেষ খননযন্ত্রের মাধ্যমে পাইপ বসানোর কাজ হয়। প্রকল্পটির নাম ঢাকা ওয়াটার সাপ্লাই সেক্টর ডেভেলপমেন্ট প্রজেক্ট (ডিডব্লিউএসএসপি)।
‘খনন নয়’ পদ্ধতিটা এ রকম—যেমন একটি রাস্তার ১৫০ মিটার দৈর্ঘ্যের মধ্যে দুই প্রান্তে আট মিটার করে মাত্র ১৬ মিটার অংশ গর্ত করা হয়। বাকি ১৩৪ মিটার রাস্তা থাকে অক্ষত। এই গর্ত থেকে বিশেষ ধরনের যন্ত্রের সাহায্যে বাকি
পুরো রাস্তার নিচে সুড়ঙ্গ (মাইক্রো টানেলিং) করা হয়। পরে সেই সুড়ঙ্গপথে মেশিনের মাধ্যমে এই পথে পাইপ টেনে নেওয়া হয়। পদ্ধতিটির নাম ‘ট্রেঞ্চলেস’ বা ‘নো ডিগ’, বাংলায় ‘খনন নয়’ পদ্ধতি।
তবে অভিযোগ রয়েছে, মিরপুরসহ বিভিন্ন এলাকায় রাস্তা খোঁড়ার জন্য বিশেষ যন্ত্রযান ব্যবহার করা হয়নি। হস্তচালিত যন্ত্রের ব্যবহার হয়েছে এবং যে গর্তগুলো খোঁড়া হয়েছে, তা সময়মতো ভরাট না করায় বৃষ্টিতে সেসব গর্তে দীর্ঘ সময় ধরে পানি জমে থাকছে। জলমগ্ন এসব গর্তে প্রায়ই বিভিন্ন যানবাহন এবং পথচারী পড়ে দুর্ঘটনার শিকার হচ্ছেন।
বর্ষা মৌসুমে রাস্তা খোঁড়াখুঁড়ি করার এই প্রক্রিয়া চলতে থাকায় নগরবাসীর দুর্ভোগ কাটছে না।