'খননের নামে গলা টিপে নদ হত্যা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘খননের নামে গলা টিপে নদ হত্যা’
‘খননের নামে গলা টিপে নদ হত্যা’

অবৈধ দখল উচ্ছেদ না করেই আবারও খনন করা হচ্ছে বরগুনার একমাত্র নৌপথ খাকদোন নদ। পাশাপাশি খনন করা মাটি নদের চরে ফেলে চলছে দখলবাজি। এভাবে বারবার খনন করলেও নাব্যতার বদলে নদের মৃত্যু ত্বরান্বিত হচ্ছে বলে এলাকাবাসী অভিযোগ করেছেন।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) সূত্র জানায়, ২০১০ সালের মাঝামাঝি বরগুনায় নৌবন্দর নির্মাণের কাজ শুরু হয় এবং ২০১২ সালের ৭ ডিসেম্বর উদ্বোধন করা হয়। সাড়ে ১৬ লাখ টাকায় ২০ শতক জমি কিনে ৩৮ লাখ টাকা ব্যয়ে একটি দোতলা ভবন ও পন্টুন নির্মাণ ছাড়া গত চার বছরে বন্দরের আর কোনো কাজ হয়নি। ২০১২ সালের ৩১ মার্চ থেকে খাকদোন নদের দুই পাড়ের অবৈধ দখল উচ্ছেদ না করেই নদটি খনন করে বিআইডব্লিউটিএ। কিন্তু মাস যেতে না যেতেই নাব্যতা হারায় নদটি। এরপর গত বছরও খনন করা হয়। তবে অবস্থা আগের মতোই। সর্বশেষ ১৩ এপ্রিল আবারও খননকাজ শুরু হয়েছে। খনন করা মাটি আগের মতোই উত্তর পাড়ের চরে ফেলে ভরাট করা হচ্ছে। এতে নদটি আরও সংকুচিত হয়ে যাচ্ছে। চরে ফেলা মাটি বর্ষার পানিতে আবার নদে নেমে যাচ্ছে।
গত বুধবার দক্ষিণ খাজুরতলা এলাকায় গিয়ে দেখা যায়, নদের মধ্যে বাঁধ দিয়ে বিশাল এলাকা চার দিন ধরে ভরাট করা হচ্ছে। সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা জিয়াউল হাসান মাতুব্বর এসব ভরাট করছেন। জিয়াউল হাসান বলেন, ‘ওই জমি আমি অস্থায়ী বন্দোবস্ত নিয়েছি। বর্তমানে বন্দোবস্ত কার্যক্রম স্থগিত থাকায় নবায়ন করতে পারিনি। খননের মাটি ফেলার জায়গা না পাওয়ায় তারা আমার জমি ভরাট করছে।’
স্থানীয় লোকজনের অভিযোগ, গত তিন বছরে যতবার নদ খনন হয়েছে, ততবার দক্ষিণ পাড়ের বাওয়ালকর, ফুলতলা, কুমড়াখালী, খাজুরতলা, লাকুরতলা এলাকায় প্রভাবশালী ব্যক্তিরা চর ভরাট করে জমির আয়তন বৃদ্ধি করেছেন। দক্ষিণ পাড়ে কাঠপট্টি, পশ্চিম বরগুনা, ক্রোক এলাকায়ও একইভাবে পাড় ভরাট করা হয়েছে।
খোকন মিয়া নামের এক ব্যক্তি অভিযোগ করেন, যাঁরা এসব জমি ভরাট করছেন, তাঁদের কোনো বৈধ কাগজপত্র নেই। ফারুক হোসেন নামের আরেক ব্যক্তি বলেন, খননের নামে নদটিকে গলা টিপে হত্যা করা হচ্ছে।
বরগুনা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের কর্মকর্তারা বলেন, সদর মৌজায় সরকারি জমি বন্দোবস্ত দেওয়া হয়েছে ৪৯৫ জনকে, খাজুরতলা মৌজায় ১২৯ জনকে এবং বড় গৌরীচন্না মৌজায় ১৫ জনকে। এর মধ্যে খাকদোন নদের দুই পাড় খাজুরতলা মৌজার অন্তর্ভুক্ত। সরকারি হিসাবে, এই নদের দুই পাড়ে ১২৯ জনকে জমি বন্দোবস্ত দেওয়া হলেও সেখানে স্থাপনা রয়েছে কমপক্ষে দুই হাজার। এ ছাড়া এই তিনটি মৌজায় সাত হাজারের বেশি অবৈধ স্থাপনা রয়েছে।
বরগুনা নদীবন্দরের কর্মকর্তা মামুনুর রশিদ বলেন, ‘২০০৮ সালে জেলা প্রশাসন নদের দুই পাড় থেকে ৫০ মিটার করে জমি আমাদের কাছে কাগজে-কলমে বণ্টন করে দিলেও এসব জমি সম্পূর্ণই অবৈধ দখলে রয়েছে। প্রশাসনের সহায়তা না পাওয়ায় উচ্ছেদ অভিযান চালানো যাচ্ছে না।’
বিআইডব্লিউটিএর খনন বিভাগের বরিশাল অঞ্চলের সহকারী প্রকৌশলী নজিবুল হক খান বলেন, বর্তমানে যে খনন চলছে, তা নিয়মিত খননকাজের অংশ। দখল উচ্ছেদ না করে খনন করে নাব্যতা বজায় রাখা সম্ভব কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সেটা হয়তো সম্ভব না। তবে এই নদটির নাব্যতা দীর্ঘস্থায়ী ও টেকসই করার জন্য পুরো নদ খনন করার একটি প্রকল্প প্রস্তাব দিয়েছি। এ প্রকল্পের অধীনে পায়রা নদীর সংযোগস্থলের বাঁধ অপসারণ করা হবে। এতে পায়রা সমুদ্রবন্দরের মালবাহী জাহাজ নদী থেকে সরাসরি বিষখালী হয়ে দেশের বিভিন্ন স্থানে চলাচল করতে পারবে।’
বরগুনার জেলা প্রশাসক আবদুল ওহাব ভূঁইয়া বলেন, ‘বন্দরের কার্যক্রমে সব ধরনের সহযোগিতা অব্যাহত আছে। দখল উচ্ছেদে বিআইডব্লিউটিএর কর্মকর্তারা আরও সহায়তা চাইলে আমরা তাও দেব।’