'খনি এলাকার মানুষের চাকরি নিশ্চিত করতে হবে'
প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেছেন, আগে কৃষিসমৃদ্ধ দিনাজপুর অঞ্চলের মানুষ চাকরি চাইত না, এখন পায় না। বড়পুকুরিয়াসহ সব খনিতে এ অঞ্চলের মানুষের কর্মসংস্থান নিশ্চিত করতে হবে।
গতকাল শনিবার বিকেলে দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লাখনিতে বড়পুকুরিয়া কোল মাইন অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দশম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে মোস্তাফিজুর রহমান এসব কথা বলেন।
মোস্তাফিজুর রহমান বলেন, বড়পুকুরিয়া কয়লাখনিকে ঘিরে এখানে ২৫০ মেগাওয়াট তাপবিদ্যুৎকেন্দ্র গড়ে উঠেছে। আরও একটি বিদ্যুৎকেন্দ্র হচ্ছে। নবাবগঞ্জ, খালাসপীরের খনি থেকে কয়লা উত্তোলন শুরু হলে এ অঞ্চল অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে। তিনি দুঃখ করে বলেন, ‘খনিতে লোক নিয়োগ হয় অথচ এলাকার জনপ্রতিনিধি হয়েও আমি তা জানি না। খনিতে জামায়াত-বিএনপির লোকের চাকরি হয়। তবু এলাকায় কাজ হোক আমি তা চাই।’ এলাকায় ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করতে খনিসংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবুল কাশেম প্রধানিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আলিমুজ্জামান ও পেট্রোবাংলার পরিচালক তৌহিদ হাসনাত খান। পরে কয়লাখনির ক্রেতা সম্মেলন হয়।