‘খনি নগর না হলে উদ্বাস্তু হবে বাসিন্দারা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বড়পুকুরিয়া ভূমি ও সম্পদ রক্ষা কমিটি অভিযোগ করেছে, বড়পুকুরিয়া কয়লাখনি এলাকায় খনি নগর (মাইনিং সিটি) স্থাপনের প্রতিশ্রুতি থেকে সরে এসেছে সরকার। অথচ খনি নগর স্থাপন করা না হলে স্থানীয় প্রায় প্রায় তিন হাজার বাসিন্দা উদ্বাস্তু হয়ে পড়বে। এ ছাড়া অধিগ্রহণের ক্ষেত্রে জমির দাম কম নির্ধারণ করা হচ্ছে বলেও অভিযোগ করেছে কমিটি। দিনাজপুর প্রেসক্লাবে গত মঙ্গলবার দুপুরে কমিটির পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কমিটির উপদেষ্টা মো. মশিউর রহমান।লিখিত বক্তব্যে বলা হয়, খনি থেকে ভূগর্ভস্থ পদ্ধতিতে কয়লা উত্তোলনের ফলে ওই এলাকার ১১টি গ্রামের প্রায় ৩০০ একর কৃষি জমি দেবে গেছে। শত শত ঘরবাড়িতে ফাটল সৃষ্টি হয়েছে। ফলে আতঙ্কে আছে ১১টি গ্রামের তিন হাজারেরও বেশি পরিবার। অথচ তাদের পুনর্বাসনে সরকার উদ্যোগ নিচ্ছে না।লিখিত বক্তব্যে জানানো হয়, অনেক সংগ্রামের পর গত বছরের ১৫ মে বড়পুকুরিয়া কয়লাখনি, পেট্রোবাংলা ও ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর মধ্যে ১০ দফা সমঝোতা চুক্তি হয়। চুক্তি অনুযায়ী, খনির নিকটতম স্থানে ৩০ একর জমিতে একটি খনি নগর স্থাপন করে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং সঠিক মূল্যে জমি অধিগ্রহণের কথা ছিল।লিখিত বক্তব্যে আরও জানানো হয়, এলাকার সাংসদ ও ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান গত ৮ সেপ্টেম্বর ক্ষতিপূরণ প্রদানে একটি সরকারি প্যাকেজ ঘোষণা করেন। সেখানে একরপ্রতি কৃষি জমির দাম ২০ থেকে ২৫ লাখ টাকা ধরা হয়েছে। অথচ সমঝোতা চুক্তি অনুযায়ী, একরপ্রতি জমির মূল্য ধরার কথা ছিল প্রায় ৪০ লাখ টাকা। এ ছাড়া ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে খনি নগর তৈরির বিষয়টিও এতে বাদ দেওয়া হয়েছে।ভূমি ও সম্পদ রক্ষা কমিটির নেতারা জানান, ক্ষতিগ্রস্ত এলাকাবাসী সরকারের প্যাকেজ কোনোভাবেই মেনে নেবে না। এতে একদিকে মানুষ জমির সঠিক দাম পাবে না, অন্যদিকে প্রায় তিন হাজার মানুষ উদ্বাস্তু হয়ে পড়বে।সংবাদ সম্মেলনে ভূমি ও সম্পদ রক্ষা কমিটির সভাপতি মকলেছার রহমান, সাধারণ সম্পাদক আবদুস সামাদ, কোষাধ্যক্ষ শামসুল আলম, সদস্য তোফাজ্জল হোসেন, আবদুল কাদের প্রমুখ উপস্থিত ছিলেন।যোগাযোগ করা হলে বড়পুকুরিয়া কয়লাখনির ব্যবস্থাপনা পরিচালক মো. কামরুজ্জামান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘ক্ষতিগ্রস্তদের বক্তব্য সঠিক নয়। সমঝোতা চুক্তি অনুযায়ী, তাঁদের পুনর্বাসনের ব্যবস্থা করা হচ্ছে। এ ছাড়া ওই চুক্তিতে জমির মূল্য নির্ধারণ করা হয়নি।’ প্যাকেজটি সমঝোতা চুক্তির আলোকেই ঘোষণা করা হয়েছে বলে তিনি জানান।