
হোলি আর্টিজান হামলার আগেও গোয়েন্দাদের কাছে তথ্য ছিল জঙ্গিরা সাংঘাতিক কিছু ঘটানোর প্রস্তুতি নিচ্ছে। কিন্তু হামলা ঠেকানো যায়নি। ২০১৫ সালের ২৩ অক্টোবর শিয়াদের আশুরার কর্মসূচিতে হামলা হতে পারে, এ রকম সুনির্দিষ্ট সব তথ্যই আগেভাগে পেয়েছিল পুলিশ। ওই দিন সকালেই জঙ্গিদের আস্তানা থেকে বোমাসহ কয়েকজন গ্রেপ্তারও হয়েছিল। কিন্তু হামলা ঠেকানো যায়নি, গভীর রাতে বোমা হামলায় কেঁপে উঠেছিল পুরান ঢাকার হোসেনি দালান। পুলিশ বলছে, তারা এবার একটি বড় হামলা ঠেকাতে সফল হয়েছে।
১৫ আগস্টের কর্মসূচিতে হামলার পরিকল্পনা নিয়ে আসা জঙ্গি সাইফুল ইসলাম ওই দিন সকালে পুলিশের অভিযানে ধানমন্ডির ৩২ নম্বরের অদূরে একটি আবাসিক হোটেলে পুলিশের অভিযানে নিহত হন।
পুলিশ বলছে, জঙ্গি সাইফুলের অবস্থান শনাক্ত করাটা ছিল অনেকটা দুঃসাধ্য সাধন। পুরো অভিযানে কাজ করেছেন এমন একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, পুরো অভিযানটিকে মোটা দাগে তিনটি ভাগে ভাগ করা যায়। একদল ছিলেন গোয়েন্দা তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের কাজে, আরেক দল তল্লাশিতে আর শেষের দলটি মাঠে অভিযান চালিয়েছে।
ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের এক কর্মকর্তা বলেন, রোববার থেকেই তাঁরা সবাই নির্ঘুম। সন্দেহভাজন এক জঙ্গি যে বোমা নিয়ে ঢাকায় ঢুকে পড়েছে, সে তথ্য মিলছে। কিন্তু সেই জঙ্গির চেহারা, গড়ন বা তার সম্পর্কে কোনো রকম তথ্যই নেই কারও কাছে। তবে জঙ্গিরা যে ধানমন্ডির ৩২ ও আশপাশের এলাকা নিয়ে অনেক তথ্য সংগ্রহ করেছে, তা জানা যাচ্ছে। তিনি বলেন, ‘মিটিংয়ের পর মিটিং চলছে। সব থানাকে যুক্ত করা হয়েছে। গোয়েন্দা পুলিশ, পুলিশ সদর দপ্তরসহ আরও কয়েকটি সংস্থা কাজ করছে। কিন্তু কিছুই মিলছে না।’
তল্লাশিতে যুক্ত ছিলেন এ রকম একজন কর্মকর্তা বলেন, ‘সোমবার দিবাগত রাত দুইটার দিকে তো আমরা হতাশ হয়ে প্রায় হাল ছেড়েই দিয়েছিলাম। তখন একজন ঊর্ধ্বতন কর্মকর্তা কিছুটা সান্ত্বনা দিয়ে বললেন, যাই হোক সবাই সম্মিলিতভাবে চেষ্টা করেছে। একটা দলবদ্ধ কাজ হয়েছে, এটা বড় পাওয়া। তবে পরে ওসি নিউমার্কেটের নেতৃত্বাধীন একটি তল্লাশি দল হোটেল ওলিও ইন্টারন্যাশনালে জঙ্গির অবস্থান শনাক্ত করে।’
ওই কর্মকর্তা বলেন, আগে থেকেই পুলিশের পক্ষ থেকে এই এলাকার সব আবাসিক হোটেল খালি করার নির্দেশনা ছিল। কিন্তু তিনটার দিকে তাঁরা হোটেল ওলিও ইন্টারন্যাশনালে গিয়ে জানলেন ১৩টি কক্ষে অতিথি আছে। এরপর হোটেলের সব কক্ষের অতিথিদের জড়ো করা হলো ব্যবস্থাপকের কক্ষে। সবার নাম-পরিচয় যাচাই হলো। কেবল ৩০১ নম্বর কক্ষের অতিথি এলেন না। ওই কক্ষে একজন উঠেছেন ১৩ আগস্ট। রেজিস্টারে নাম লেখা খায়ের, কিন্তু স্বাক্ষর করা হয়েছে সাইফুল ইসলাম নামে। এরপর নিউমার্কেট থানার ওসি আতিকুল হক একটা দল নিয়ে ওপরে উঠলেন।
ওসি আতিকুল প্রথম আলোকে বলেন, ‘৩০১ নম্বর কক্ষের দরজায় ধাক্কাধাক্কি করার প্রায় ১০-১২ মিনিট পর ভেতর থেকে উত্তর এল, ‘অনেক রাত হইছে। চলে যান। সকালে আসেন। এখন দরজা খোলা যাবে না।’
ওসি বলেন, ‘সন্দেহ হচ্ছিল। কিন্তু আমরা জোরাজুরি করলাম না। শুধু বললাম কাইন্ডলি জানালাটা খোলেন বা দরজা একটু ফাঁকা করেন। আমরা কথা বলে চলে যাব। তখন সে ভেতর থেকে দরজা খুলে সামান্য ফাঁকা করে দাঁড়াল। কিন্তু ভেতরে অন্ধকার। আমি বললাম লাইটটা জ্বালেন। সে বলে লাইট জ্বালানো যাবে না। এর মধ্যেই পুলিশের একজন বাইরে থেকে সুইচ অন (হোটেল কক্ষের বাইরে যে সুইচ থাকে) করতেই ভেতরে বাতি জ্বলে উঠল। বাতি জ্বলতেই সে যেন একটু চেপে দাঁড়াল, যাতে বাইরে থেকে কিছু দেখা না যায়। ওইটুকু ফাঁক দিয়ে যা দেখলাম তাতে মনে হলো হাতে তার প্যাঁচানো। হাতে একটা ব্যাগ ধরা। তারটা ও ব্যাগটা একসঙ্গে টানছিল। আগাচ্ছিল। দেইখাই আমরা সরে যাই। দরজাটা টান দিয়ে বাইরে থেকে লাগায় এক কনস্টেবলকে তালা নিয়ে আসতে বললাম। তালা দিয়ে তাড়াতাড়ি নিচে নেমে সব স্যাররে জানালাম।’ তল্লাশিতে অংশ নেওয়া কর্মকর্তারা বলেন, অল্প সময়ের মধ্যেই সোয়াটের একটা দল সেখানে চলে আসে। শুরু হয় মূল অভিযানের প্রস্তুতি। ওই জঙ্গির আত্মসমর্পণের কোনো লক্ষণ না দেখে পুলিশ মঙ্গলবার সকালে ওই কক্ষে গ্যাস দেওয়া শুরু করল। এরপর সকাল পৌনে ১০টার দিকে ওই জঙ্গি তার ব্যাগে থাকা শক্তিশালী বোমা বিস্ফোরণ ঘটায়। হোটেলের দেয়াল ছিটকে গিয়ে পড়ে রাস্তায়। পুলিশের বিস্ফোরক বিশেষজ্ঞরা বলছেন, যে শক্তিশালী বোমা ওই কক্ষে ফাটিয়েছে, জঙ্গিদের পরিকল্পনা অনুযায়ী শোক র্যালিতে ওই বোমা বিস্ফোরিত হলে বিপুলসংখ্যক মানুষের প্রাণহানি হতো।