‘ধলঘাট ইউনিয়নের চারপাশের বেড়িবাঁধ অরক্ষিত অবস্থায় পড়ে আছে। অমাবস্যা আর পূর্ণিমার জোয়ারে প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল। কষ্টে আছে এলাকাবাসী। আমরা খাদ্য সহযোগিতা নয়, টেকসই বেড়িবাঁধ চাই।’
গত বুধবার কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়ন পরিষদ (ইউপি) চত্বরে অনুষ্ঠিত দুর্যোগে ঝুঁকি হ্রাস সক্ষমতা বৃদ্ধিবিষয়ক সভায় এসব কথা বলেন ধলঘাট ইউপি চেয়ারম্যান কামরুল হাসান।
তিনি আরও বলেন, ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ের পর স্থাপিত সাতটি সাইক্লোন শেল্টার সংস্কারের অভাবে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে আছে। প্রতিনিয়ত দুর্যোগের সঙ্গে যুদ্ধ করে বেঁচে আছে ধলঘাট ইউনিয়নের ৩০ হাজার মানুষ।
উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার-২ আসনের সাংসদ আশেক উল্লাহ রফিক। সভায় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা তাঁদের দাবি তুলে ধরেন।
মাতারবাড়ী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ উল্লাহ বলেন, দুর্যোগের ঝুঁকিতে রয়েছে মাতারবাড়ী ও ধলঘাট ইউনিয়নের অন্তত এক লাখ মানুষ। টেকসই বেড়িবাঁধ নির্মাণ না হলে যেকোনো দুর্যোগে ব্যাপক প্রাণহানির আশঙ্কা রয়েছে। একই কথা বলেন কুতুবজোম ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেনও।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন পৌর মেয়র মকছুদ মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান জহিরুল আলম, সহকারী কমিশনার (ভূমি) বিভীষণ কান্তি দাশ প্রমুখ।