'খাদ্যাভাব আছে, তবে অভুক্ত কেউ নেই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের থানচি উপজেলার দুই ইউনিয়নে জুমচাষিদের খাদ্যাভাব থাকলেও দ্রুত সরকারি ত্রাণ পৌঁছায় এখন সেখানে কেউ অভুক্ত নেই। তবে এখনই চাল বিতরণের পাশাপাশি বীজধান বিতরণসহ জুমচাষের আনুষঙ্গিক উপকরণ দেওয়ার পদক্ষেপ নেওয়া না হলে আগামী বছরে খাদ্যাভাব আরও প্রকট আকার ধারণ করতে পারে।
সম্প্রতি থানচি উপজেলার তিন্দু ও রেমাক্রি ইউনিয়ন ঘুরে এসে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও), বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) এবং উন্নয়ন সংস্থা অ্যাকশনএইড, কারিতাসসহ স্থানীয় কয়েকটি বেসরকারি সংস্থার কর্মকর্তারা এ কথা বলেছেন।
অ্যাকশনএইডের উপব্যবস্থাপক ইফ্ফাত আরা পারভীন, এফএওর একটি প্রকল্পের কর্মকর্তা শুভাশীষ চাকমা বলেন, এলাকায় খাদ্যাভাব আছে। তাঁরা তিন্দু ও রেমাক্রি ইউনিয়নের বেশ কিছু পাড়া ঘুরে বাড়িতে ধান, চাল বা খাদ্যশস্য দেখেননি। জুমচাষিরা তাঁদের জানিয়েছেন, জুমে রোপণের বীজধানও তাঁরা খেয়ে ফেলেছেন। তিন্দু, রেমাক্রি, ছোট ও বড় মদক বাজার এলাকার লোকজন আগাম শ্রম বিক্রি করে ও দাদন নিয়ে চলছেন। কিন্তু অতি দুর্গম এলাকায় বসবাসকারী ব্যক্তিদের আগাম শ্রম বিক্রি ও দাদন নেওয়ার কোনো সুযোগ নেই। তাঁরা বলেন, পরিবারগুলো ২০ কেজি করে সরকারি চাল পেয়েছে। কিন্তু পরিবারগুলোর জন্য ২০ কেজি চাল যথেষ্ট নয়। ভরা বর্ষায় হাঁটাচলার রাস্তাঘাটও বন্ধ হয়ে গেলে খাদ্যাভাব আরও প্রকট হতে পারে বলে জুমচাষিরা আশঙ্কা প্রকাশ করেছেন।
সংস্থাগুলোর কর্মকর্তারা বলেন, জুমচাষিরা প্রতিবছর মে-আগস্ট মাসে অভাবে পড়েন। গত বছর অসময়ে বৃষ্টিপাতের সঙ্গে স্থানীয় কিছু সন্ত্রাসী গোষ্ঠীর উৎপাতে তাঁরা জুমচাষ করতে পারায় দুই ইউনিয়নে এবার অভাব বড় আকারে দেখা দেয়। অন্য উপজেলার জুমচাষিরা সংকটে পড়েননি।
ইফ্ফাত আরা পারভীন জানান, উপজেলা-জেলা প্রশাসন তাঁদের বলেছে, খাদ্যঘাটতি মেটাতে কারও সহযোগিতার প্রয়োজন নেই। তবে তাঁরা দেখেছেন শুধু চাল বিতরণ যথেষ্ট নয়। বীজধান সরবরাহসহ জুমচাষের আনুষঙ্গিক উপকরণ সরবরাহে পদক্ষেপ নেওয়াও জরুরি। তা না হলে আগামী বছর আবারও সংকট দেখা দেবে।
থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার হোসাইন বলেন, সংস্থাগুলোকে বলা হয়েছে, কিছু পরিবারের খাদ্যঘাটতি থাকলেও কোনো খাদ্যাভাব নেই। অক্টোবর পর্যন্ত ঘাটতি মেটাতে সরকার চাল, টাকা বিতরণসহ সবকিছু করবে। বেসরকারি সংস্থাগুলো সমস্যার স্থায়ী সমাধানে কর্মসংস্থানমূলক পরিকল্পনা নিতে পারে।