'খাদ্যে বিষক্রিয়ায়' উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যু
‘খাদ্যে বিষক্রিয়ায়’ সিরাজগঞ্জের কাজীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মনিরুজ্জামান ও সেবিকা জোবেদা খাতুন (৪৫) মারা গেছেন। বগুড়ার শহীদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার তাঁদের মৃত্যু হয়।
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের জেলা কমিটির সাধারণ সম্পাদক রেজাউল আলম প্রথম আলোকে ওই দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, প্রাথমিকভাবে তাঁরা জেনেছেন খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েন কাজীপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. মনিরুজ্জামান, সেবিকা জোবেদা খাতুন (৪৫) ও প্রধান সহকারী আলমগীর হোসেন (৫২)। এই হাসপাতালে ভর্তির পর রাতেই ওই দুজন মারা যান।
বগুড়ার ডেপুটি সিভিল সার্জন মো. নুরুজ্জামান বলেন, তিনজনকেই চিকিৎসকদের ভাষায় ‘এনাফাইল্যাকটিক শক’ জনিত কারণে হাসপাতালে ভর্তি করা হয়। খাদ্যে বিষক্রিয়ায় স্বাস্থ্য কর্মকর্তা ও সেবিকার মৃত্যু ঘটেছে কিনা সেটা ময়নাতদন্ত ছাড়া বলা সম্ভব নয়। তিনি বলেন, বিকেল সাড়ে পাঁচটার দিকে ওই তিনজনকেই আশঙ্কাজনক অবস্থায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। রাত নয়টার দিকে প্রথমে সেবিকা এবং রাত দশটার দিকে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মারা যান।
সিরাজগঞ্জের সিভিল সার্জন শেখ মনজুরের বরাত দিয়ে সিরাজগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আকরামুজ্জামান প্রথম আলোর সিরাজগঞ্জ প্রতিনিধিকে বলেন, সোমবার কাজীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী আলমগীর হোসেনের বাসায় খাবার খেয়ে তাঁরা অসুস্থ হয়ে পড়েন। মঙ্গলবার সকালে তিনজনকেই কাজীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থান অবনতি ঘটলে মঙ্গলবার বিকেলে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।