'খান' ও 'সিদ্দিকী' পরিবার ছাড়াই সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সম্মেলনে দুটি পরিবারের আধিপত্যের লড়াই চলত—‘খান পরিবার’ ও ‘সিদ্দিকী পরিবার’। কিন্তু গতকাল রোববার অনুষ্ঠিত সম্মেলনে এ দুই পরিবারের কেউ থাকলেন না।
সম্মেলন থেকে নতুন কমিটির চারজনের নাম ঘোষণা করা হয়েছে। সভাপতি করা হয়েছে ফজলুর রহমান খান ওরফে ফারুককে। সাধারণ সম্পাদক হয়েছেন জোয়াহেরুল ইসলাম। এ ছাড়া আলমগীর খান সহসভাপতি এবং খন্দকার আশরাফুজ্জামান যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন। ফজলুর রহমান খান ও আলমগীর খান জেলার প্রভাবশালী খান পরিবারের কেউ নন। আলোচিত ওই খান পরিবারের সদস্যদের অনেকেই আওয়ামী লীগ নেতা ফারুক হত্যা মামলায় অভিযুক্ত হয়ে এক বছর ধরে আত্মগোপনে।
গতকাল সকালে টাঙ্গাইল আউটার স্টেডিয়ামে সম্মেলনে প্রথম অধিবেশনের উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাহারা খাতুন। প্রধান অতিথি ছিলেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। জেলা আওয়ামী লীগের বিদায়ী কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আলমগীর খানের সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যের মধ্যে সাবেক খাদ্যমন্ত্রী সাংসদ আবদুর রাজ্জাক, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ, আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক অসীম কুমার উকিল প্রমুখ বক্তব্য দেন।
প্রধান অতিথির বক্তব্যে মতিয়া চৌধুরী বলেন, ‘এই সম্মেলনের মাধ্যমে আমরা প্রতিজ্ঞা করছি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্জনগুলো বিসর্জনে পরিণত হয়—এমন কাজ কেউ করব না। হাতে গোনা মতলববাজ দু-এক জন যারা এসব কাজ করে, আসুন আমরা তাদের পরিত্যাগ করি।’
প্রথম অধিবেশন শেষে দলের কেন্দ্রীয় নেতারা বিকেলে সার্কিট হাউসে জেলা কমিটি এবং বিভিন্ন উপজেলা শাখার সভাপতি, সাধারণ সম্পাদক ও অঙ্গ সংগঠনের নেতাদের নিয়ে বৈঠকে বসেন। সেখানে আহম্মদ হোসেন বলেন, সম্মেলনের ব্যাপারে দলীয় সভানেত্রীর নির্দেশনা রয়েছে। সে অনুযায়ী সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হবে। দু-একজন এ ব্যাপারে আপত্তি তুলে ভোটের দাবি জানান। তবে উপস্থিত নেতাদের সিদ্ধান্ত অনুযায়ী বর্তমান বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক ফজলুর রহমান খানকে সভাপতি এবং যুগ্ম সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলামকে সাধারণ সম্পাদক হিসেবে নাম ঘোষণা করা হয়। পরে ভাসানী হলে কাউন্সিলরদের উপস্থিতিতে সহসভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়।
১১ বছর পর অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের এ সম্মেলনে বিভিন্ন উপজেলা থেকে আসা ১০ হাজার কাউন্সিলর ও ডেলিগেট উপস্থিত ছিলেন।
নতুন সভাপতি ফজলুর রহমান খান সাবেক সাংসদ ও বর্তমানে টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক। তিনি দীর্ঘদিন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। নতুন সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবং সরকারি সাদত কলেজের ছাত্র সংসদের দুবার সহসভাপতি (ভিপি) ছিলেন। গত বছর আওয়ামী লীগ নেতা ফারুক আহমেদের বিচারের দাবিতে টাঙ্গাইলে ‘খান পরিবারবিরোধী’ যে আন্দোলন গড়ে ওঠে, জোয়াহেরুল ইসলাম শুরু থেকেই তাতে সক্রিয় ছিলেন।
জেলার প্রভাবশালী খান পরিবারের সদস্য শামসুর রহমান খান ২০০৪ সালের সম্মেলনে জেলা আওয়ামী লীগের সভাপতি হন। তাঁর ভাতিজা আমানুর রহমান খান টাঙ্গাইল-৩ আসনের বর্তমান আওয়ামী লীগ দলীয় সাংসদ এবং বিদায়ী কমিটির ধর্মবিষয়ক সম্পাদক ছিলেন। আমানুরের ভাই সহিদুর রহমান খান আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচিত টাঙ্গাইল পৌরসভার বর্তমান মেয়র এবং শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তাঁদের অপর ভাই জাহিদুর রহমান খান ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর জেলার বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃত্বে আসেন। তাঁদের ছোট ভাই সানিয়াত খান কেন্দ্রীয় ছাত্রলীগের সদ্য বিদায়ী কমিটির সহসভাপতি ছিলেন।
আর জেলার আলোচিত ‘সিদ্দিকী’ পরিবারের সদস্য আবদুল কাদের সিদ্দিকী ১৯৯৯ সালে আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হওয়ার পর কৃষক শ্রমিক জনতা লীগ নামে নতুন দল গঠন করেন। তাঁর বড় ভাই আবদুল লতিফ সিদ্দিকী বর্তমান সরকারের মন্ত্রী ছিলেন। গত বছরের সেপ্টেম্বরে পবিত্র হজ নিয়ে বিতর্কিত মন্তব্য করার পর তিনি মন্ত্রিত্ব হারান এবং দল থেকে বহিষ্কৃত হন। এ ছাড়া তাঁর স্ত্রী লায়লা সিদ্দিকী জেলা আওয়ামী লীগের সদ্য বিদায়ী কমিটির সহসভাপতি ছিলেন।