'খাপড়া ওয়ার্ড হত্যাকাণ্ড ১৯৫০' গ্রন্থের প্রকাশনা উৎসব আজ

আজ শুক্রবার বিকেল চারটায় শাহবাগে জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে খাপড়া ওয়ার্ড হত্যাকাণ্ড ১৯৫০ বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হবে। বইটি লিখেছেন মতিউর রহমান। ১৯৫০ সালের ২৪ এপ্রিল রাজশাহী জেলের খাপড়া ওয়ার্ডে কমিউনিস্ট ও বামপন্থী রাজবন্দীদের ওপর নির্বিচার গুলি চালানো হয়। সেই নৃশংস ঘটনায় ৭ জন রাজবন্দী নিহত এবং ৩২ জন আহত হন। আজ খাপড়া ওয়ার্ড হত্যাকাণ্ডের ৬৫তম বার্ষিকী উপলক্ষে বইটি প্রকাশ করছে প্রথমা প্রকাশন।
প্রকাশনা অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী। আলোচনা করবেন ভাষাসৈনিক আহমদ রফিক, রাজনীতিবিদ ও লেখক অজয় রায় এবং ১৯৫০ সালে রাজশাহী কারাগারে রাজবন্দী গোপেশ মালাকার।
উল্লেখ্য, তৎকালীন মুসলিম লীগ সরকারের নিষ্পেষণের মধ্যে খাপড়া ওয়ার্ড হত্যাকাণ্ড সম্পর্কে খুব সামান্য তথ্যই দেশবাসী জানতে পেরেছিল। এ বইটি এই অঞ্চলের রাজনৈতিক ইতিহাসের সেই স্বল্প প্রচারিত অধ্যায় নিয়ে লেখা। সে সময়ে জেলের ভেতরের অবস্থা, নিহত ও আহত রাজবন্দীদের জীবনসংগ্রাম ও পরিচয় তুলে ধরা হয়েছে এ বইয়ে। আছে হত্যাকাণ্ডের বিশদ বিবরণ, প্রত্যক্ষদর্শীদের বয়ান ও সমকালীন পূর্ব বাংলার রাজনৈতিক পরিস্থিতির বিশ্লেষণ।
২০০ পৃষ্ঠার এ বইয়ের মূল্য ৩০০ টাকা। অনুষ্ঠানে বইটি ৩০ শতাংশ ছাড়ে এবং প্রথমার অন্যান্য বই ২৫ শতাংশ ছাড়ে পাওয়া যাবে।