‘অষ্টাশির (১৯৮৮) বন্যায় এমন অবস্থা দেখি নাই, গরু-বাছুর ঘর থাকি বেকের পাছি না, গরুগুলার ডাক শুইনলে মন কান্দি ওঠে। ঘরত পানি, রান্না করা যায়ছে না, এর-ওর বাড়িত রান্না করি আনি কুনোমতে ছাওয়া ছোটক খাওয়ায়ছি। কামকাজত যাবার পাছি না, খাবার আইসপে কোনঠে থাকি?’ কথাগুলো বললেন নীলফামারী জেলা সদরের খোকসাবাড়ি ইউনিয়নের উত্তর গোবিন্দপুর গ্রামের দিনমজুর আবেদ আলী (৬০)।
তিনি জানান, চার দিন ধরে এ অবস্থা চলছে, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর গত শনিবার এলাকায় এসে খোঁজ নিয়ে গেছেন, রোববার তিনি শুকনো খাবার পাঠিয়েছেন।
তিনি বলেন, অন্যের বাড়িতে গতকাল সোমবার সকালে ভাত রান্না করে এনে খেয়েছেন, ওই ভাত পান্তা করে বাচ্চাদের খাওয়াবেন, বিকেল তিনটা পর্যন্ত বাড়ির বড়রা অভুক্ত আছেন। এখন রাতে কী খাবেন তা জানা নেই।
একই গ্রামের শফিকুল ইসলাম ও হাফিজুল ইসলাম শহরে মুরগি ফেরি করে জীবিকা নির্বাহ করেন। শফিকুল বলেন, তিন দিন থাকি শহরত যাওয়ার পাইছি না, বাড়িত মুরগি আছে, মুরগি বেচাকিনা করির পাইছি না। বাড়ির ভিতর পানি উঠছে, এর-ওর বাড়িত যায়া রান্না করি আনি দুই দিন খাইছি, এখন ঘরত খাবারও নাই। দুই দিন বাড়িত পানি বেশি ছিল এ জন্য মানুষের বাড়িত রাইত কাটাইছি। এখন পানি কমলেও রান্না করা যায় না।
খোকসাবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান মো. বদিউজ্জামান প্রধান বলেন, ‘প্রায় পাঁচ দিন আগে অবিরাম বর্ষণ ও ইউনিয়নের ওপর দিয়ে প্রবাহিত ইছামতী নদীর দুই কূল উপচে বন্যা দেখা দেয়। বন্যায় ইউনিয়নের প্রায় তিন হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকারিভাবে তিন মেট্রিক টন চাল বরাদ্দ পেয়েছি। ৬০০ পরিবারকে পাঁচ কেজি করে চাল দেওয়ার জন্য তালিকা করছি।’
এদিকে জেলা সদরের টুপামারী ইউনিয়নের চেয়ারম্যান মছিরত আলী শাহ ফকির বলেন, ইউনিয়নের প্রায় এক হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হলেও তিনি সরকারি ত্রাণ হিসেবে এক মেট্রিক টন চাল পেয়েছেন। প্রয়োজনের তুলনায় বরাদ্দ কম হওয়ায় তিনি ওই চাল তোলেননি বলে জানান।
এদিকে সরকারি সহযোগিতার পাশাপাশি সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন ইউনিয়নে শুকনো খাবার ও খিচুড়ি বিতরণ কার্যক্রম চলছে।