‘খাবারই পাই না, জাম্পার কম্বল কিনি কী দিয়া’
শীতে কষ্ট পাচ্ছে রংপুরের বদরগঞ্জ উপজেলার জেলেপাড়া গ্রামের হতদরিদ্র দেড় সহস্রাধিক মানুষ। দুই বেলার খাবার জোগাড় করতেই হিমশিম খেতে হয় তাদের। তাই গরম কাপড় ও কম্বল কিনতে পারে না তারা।জেলেপাড়া গ্রামটি চিকলী নদীর পাড়ে অবস্থিত। নদী থেকে উঠে আসা ঠান্ডা বাতাসে তাদের কষ্টের মাত্রা আরও বেড়ে যায়। এখন পর্যন্ত সেখানে সরকারি বা বেসরকারিভাবে শীতবস্ত্র বিতরণ করা হয়নি। গত রোববার সকালে সরেজমিন ওই গ্রামে গিয়ে দেখা যায়, দারিদ্র্যপীড়িত জেলে পরিবারের সদস্যরা খড়-কুটায় আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। অনেকের পরনে গরম কাপড় নেই। চিকলী নদীর পাড়ে ছোট্ট একটি ঝুপড়িঘর। উঠানে আগুনের কুণ্ডলী ঘিরে বসে আছেন এক নারীসহ দুই শিশু। নারীর পরনে একটি ছেঁড়া শাড়ি। তাঁর নাম মালেকা বেগম (৫৩)। স্বামী কয়েক বছর আগে মারা গেছেন। এরপর থেকে তিনি মানুষের বাড়িতে কাজ করে সংসার চালান। শীতবস্ত্র কেনার সামর্থ্য তাঁর নেই। মালেকা বেগম বলেন, ‘এই ঠান্ডাত আগুন না থাকলে হামরা মরি গেইনো হয়। এই আগুন হামাক বাঁচে ধরি আছে। খাবারই পাই না, জাম্পার-কম্বল কিনি কী দিয়া।’একই গ্রামের আরেক গৃহবধূ আমেনা বেগম বলেন, রাইতোত হিড়হিড় করি ভাঙা ঘরোত নদীর বাতাস ঢোকে। মরণ ঠান্ডা। মাটির হিয়াল (ঠান্ডা) ওঠে। খেড় (খড়) বিচি ক্যাতা আর চটের বস্তা গাওত দিয়া থাকি। তাও ঠান্ডা পালায় না।’আবদুল কুদ্দুস বলেন, ‘গ্রামের সবাই গরিব। সবার পেশা মাছ ধরা। এখন খাল-বিল, নদী-নালায় পানি নেই। এমনিতেই বেকার হয়ে পড়েছেন জেলেরা। এ অবস্থায় তীব্র ঠান্ডা মড়ার ওপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে।’ বৃদ্ধা জাহেদা বেগম বলেন, ‘এমতোন ঠান্ডা মুই জেবনে দ্যাকো নাই বাবা। শ্যাষ বয়সে মোক একটা কম্বল দিয়া তোরা বাঁচান।’ ফজিলা বেগম বলেন, ‘ঠান্ডাত হাত-পাও কোঁকড়া নাগে। রাইতোত ঝড়ির মতোন বরক (বরফ) পড়ে।’গ্রামের পক্ষাঘাতগ্রস্ত অসহায় আইজুদ্দিন (৭০) শীতবস্ত্র না থাকায় ভীষণ কষ্ট পাচ্ছেন। তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘স্যার, মুই ঠান্ডাত মরি যাওচো। মোক একটা গরম কিছু দেন।’স্থানীয় ইউপি সদস্য হাজ্জাজুল আলম প্রামাণিক বলেন, ‘গরম কাপড় গায়ে দিয়াও ঠান্ডা থেকে রেহাই পাওয়া যাচ্ছে না। তীব্র ঠান্ডায় জেলেপাড়ার মানুষের এখন করুণ অবস্থা। তাঁরা ত্রাণ চায় না, গরম কাপড় চায়।’উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, ‘ওই গ্রামের মানুষ সবাই গরিব, সেটা জানি। তবে গ্রামে কোনো শীতবস্ত্র বিতরণ করা হয়নি।’