‘খাল কেটে ঘরে কুমির আনা হয়েছে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমিতে সারা বছর সেচব্যবস্থা নিশ্চিত করতে পুনঃখনন করা হয়েছিল সাড়ে ১০ কিলোমিটারের দীর্ঘ খালটি। কিন্তু খননের এক মাসের মাথায় খাল দিয়ে জোয়ারের পানি ঢুকে ভাসিয়ে দিয়েছে গোটা বিল। বিলের অনেক ধানখেত, ঘের এখন পানির নিচে।খালের মুখের প্রস্তাবিত স্লুইসগেট ঠেকাতে পারত নদীর জোয়ারের পানি। কিন্তু স্লুইসগেট নির্মাণ না করায় এই ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছে।যশোরের অভয়নগর উপজেলার মধ্যপুর-জয়খোলা খালটি এলাকার কৃষকদের কাছে এখন কষ্টের কারণ হিসেবে দেখা দিয়েছে। বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) প্রায় ৬২ লাখ টাকা ব্যয়ে মধ্যপুর ভৈরব নদ থেকে জয়খোলা পর্যন্ত ১০ দশমিক ৫০ কিলোমিটার খালটি পুনঃখনন করেছে।সরেজমিনে গিয়ে দেখা গেছে, জোয়ারের পানির চাপে অনেক জায়গায় খাড়া পাড় ভেঙে খালটি ভরাট হয়ে গেছে। পাড়ের গাছপালা ও বাঁশের ঝাড় ভেঙে পড়েছে খালের মধ্যে। উৎ সমুখ থেকে প্রায় ছয় কিলোমিটার দূরে অবস্থিত এলাকার সবচেয়ে বড় বিল বুড়বুড়িয়ায় গিয়ে দেখা গেছে, আমন ধানের খেতের পর খেত পানির নিচে। বিলের কয়েক শ মাছের ঘের পানিতে ভেসে গেছে। কোদলা গ্রামের কৃষক স্বপন বিশ্বাস বলেন, ‘খাল কেটে ঘরে কুমির আনা হয়েছে।’ কোদলা গ্রামের বাবলু বিশ্বাস বলেন, ‘আমার পাঁচ বিঘা মাছের ঘেরের ওপর এখন প্রায় এক হাত পানি। সব মাছ বেরিয়ে গেছে।’ আদিলপুর গ্রামের দেবাশীষ দাস বলেন, ‘জোয়ারের পানির চাপে খালের পাড় ভেঙে আমার প্রায় ৫০টি মেহগনিগাছ ও একটি বাঁশের ঝাড় ভেঙে পড়েছে।’বাঘুটিয়া ইউনিয়নের চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস অভিযোগ করেন, ‘নদীসংলগ্ন খালের মুখে সময়মতো স্লুইসগেট নির্মাণ না করায় জোয়ারের পানি ঢুকে বিলের ফসল ও মাছের ঘেরের ব্যাপক ক্ষতি হয়েছে। এলাকার লোকজনকে নিয়ে কয়েক দিন চেষ্টা করে আমরা খালটি বেঁধে দিয়েছি।’উপজেলা কৃষি কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, ‘জোয়ারের পানি খাল দিয়ে বিলে ঢোকায় শত শত একর জমির আমন ধানখেত তলিয়ে গেছে। আমরা ক্ষতির পরিমাণ নিরূপণ করছি। স্লুইসগেট থাকলে এ অবস্থা হতো না।’সংশ্লিষ্ট সূত্র জানায়, বিএডিসির উদ্যোগে প্রায় ৬২ লাখ টাকা ব্যয়ে মধ্যপুর গ্রামের ভৈরব নদ থেকে জয়খোলা পর্যন্ত ১০ দশমিক ৫০ কিলোমিটার খাল পুনর্খননের কাজ গত ৩০ জুন শেষ হয়। ভৈরব নদসংলগ্ন খালটির মুখে প্রায় ৪৫ লাখ টাকা ব্যয়ে একটি স্লুইসগেট নির্মাণের জন্যও দরপত্র আহ্বান করে বিএডিসি। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে নির্মাণকাজ শেষ করার কথা থাকলেও ঠিকাদার এখনো কাজ শুরু করেনি।স্লুইসগেট নির্মাণের ঠিকাদার কাজী মাজহারুল ইসলাম বলেন, ‘আমার লাইসেন্সে কাজটি পেয়েছেন কাজল ভাই। বৃষ্টি শেষ হলে তিনি কাজটি শুরু করবেন।’ এ ব্যাপারে কাজী মনিরুজ্জামান ওরফে কাজলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘কাজটি আমি করছি না, অন্য একজন করবে। সেপ্টেম্বর-অক্টোবরের মধ্যে উনি কাজটি শুরু করবেন এবং এক মাসের মধ্যে শেষ করে দেবেন।’বিএডিসির যশোরের (সেচ) সহকারী প্রকৌশলী জামাল ফারুক বলেন, ‘স্লুইসগেট থাকলে খাল দিয়ে জোয়ারের পানি ঢুকত না এবং এই ক্ষয়ক্ষতিও হতো না।’বিএডিসির যশোরের (সেচ) নির্বাহী প্রকৌশলী কামারুজ্জামান বলেন, ‘এলাকার কৃষকেরা যাতে খালটি পানি সেচের কাজে ব্যবহার করতে পারেন, সে জন্য তা পুনঃখনন করা হয়েছে। সাময়িক সমস্যা হলেও এর উপকার তাঁরা পাবেন। প্রক্রিয়া শেষ করতে করতে বর্ষা মৌসুম চলে আসায় স্লুইসগেটটি নির্মাণ করা যায়নি। আমরা ঠিকাদারকে বারবার তাগাদা দিচ্ছি। আশা করছি, অক্টোবরের মধ্যে কাজটি সম্পন্ন করা সম্ভব হবে।’