‘খাল খনন না করাই জলাবদ্ধতার কারণ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম উন্নয়ন মহাপরিকল্পনা অনুযায়ী, পুরোনো খাল থেকে মাটি না সরানো এবং বহদ্দারহাট এলাকায় আরেকটি নতুন খাল খনন না করাই নগরে জলাবদ্ধতার অন্যতম কারণ বলে বিশেষজ্ঞরা মনে করছেন। মহাপরিকল্পনা অনুযায়ী, পানিনিষ্কাশনব্যবস্থার সুরাহা না হওয়া পর্যন্ত বৃষ্টির সময়ে পানির নিচে থাকবে নগর। তাই খালগুলো খননের ওপর জোর দেন বিশেষজ্ঞরা। গতকালের মাঝারি থেকে ভারী বর্ষণের কারণে নগরের বেশির ভাগ এলাকা তলিয়ে গেছে। বৃষ্টিতে হাঁটু থেকে গলা সমান পানি উঠেছে বিভিন্ন এলাকায়। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) সাবেক চেয়ারম্যান প্রকৌশলী শাহ মুহাম্মদ আখতারউদ্দিন প্রথম আলোকে জানান, ১৯৯৯ সালের মহাপরিকল্পনা অনুযায়ী, খালগুলো খনন না করায় নগরে পানিনিষ্কাশনব্যবস্থা ভেঙে পড়েছে। অথচ নগরের ঘনবসতি এলাকা দিয়ে বয়ে যাওয়া হিজড়া খাল, নাছির খাল ও মির্জা খালের মাটি সরিয়ে গভীরতা আরও বাড়ানোর কথা ছিল। পাশাপাশি বহদ্দারহাট থেকে খাজা রোড হয়ে কর্ণফুলী পর্যন্ত আরেকটি নতুন খাল খননের কথা ছিল। সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী মহাপরিকল্পনা অনুযায়ী খাল খননের প্রক্রিয়া শুরু করেছিলেন। কিন্তু সেই প্রক্রিয়ার ধারাবাহিকতা পরে আর ছিল না, তাই নগরবাসীর এই ভোগান্তি। প্রকৌশলী আখতারউদ্দিন আরও জানান, চাক্তাই খাল ও মহেশ খালও অনেক দিন ধরে খনন করা হয়নি। এই দুটি খালের মুখে স্লুইসগেট বসানোর পরিকল্পনা ছিল, যাতে জনবসতি এলাকায় জোয়ারের পানি ঠেকানো যায়। কিন্তু এই পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেই। তাই বৃষ্টির মৌসুমে পাহাড়ি ঢলের পানিতে সমতল এলাকা তলিয়ে যাচ্ছে। একই সময় জোয়ারের পানির কারণে সমতলে পানির উচ্চতা আরও বাড়ছে। এতে নগরে জলাবদ্ধতা স্থায়ী রূপ নিয়েছে।জানতে চাইলে চট্টগ্রাম সিটি মেয়র মোহাম্মদ মন্জুর আলম প্রথম আলোকে বলেন, জলাবদ্ধতা নিরসন করতে হলে মহাপরিকল্পনা বাস্তবায়নের কোনো বিকল্প নেই। মহাপরিকল্পনা অনুযায়ী নগরে নতুন আরও পাঁচটি খাল খনন করতে হবে। আর বহদ্দারহাট এলাকায় জলাবদ্ধতা দূর করতে বলিরহাট হয়ে কর্ণফুলী পর্যন্ত আড়াই কিলোমিটার দীর্ঘ নতুন খাল খনন প্রয়োজন। এ জন্য ২৯৭ কোটি টাকা দরকার। সরকারের কাছে অর্থ চেয়ে গত অর্থবছরে তাঁরা প্রস্তাব পাঠিয়েছেন বলে তিনি জানান। সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী অবশ্য জলাবদ্ধতার কারণ চিহ্নিত করে পরিকল্পিতভাবে কাজ করার পরামর্শ দেন। তিনি জানান, খাল খননের প্রয়োজন অবশ্যই আছে। তবে কর্ণফুলী নদীর ওপর পিলারের সেতু নির্মিত হওয়ায় বিভিন্ন খালের মুখে পলি জমে যাওয়ায় পানি সরতে বাধা পাচ্ছে। তাই নিয়মিত নদী ড্রেজিং করতে হবে।খোঁজ নিয়ে জানা যায়, এবার জলাবদ্ধতা নিরসনের জন্য নর্দমা পরিষ্কারের ওপর জোর দেয় সিটি করপোরেশন। কিন্তু বড় খালগুলো খনন না করার কারণে এর সুফল পাচ্ছে না নগরবাসী, বিশেষ করে চাক্তাই খাল, হিজড়া খাল, নাছির খাল ও মির্জা খাল খনন করা হয়নি; বরং খালগুলো ভরাট হয়ে যাওয়ায় পানি ধারণ ও নিষ্কাশনব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে।