'খালাস পেয়েছি, খালাস'

পিলখানা হত্যা মামলায় রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণে ব্যর্থ হওয়ায় ২৭৭ জন বেকসুর খালাস পেয়েছেন।হত্যা মামলার বিচারে গঠিত বিশেষ আদালতের বিচারক মো. আখতারুজ্জামান আজ মঙ্গলবার এ রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার পরপরই বেকসুর খালাস পাওয়া ২৭৭ জন আদালতের ভেতরে উল্লাস প্রকাশ করেন।তাঁরা আঙুল উঁচিয়ে বিজয়সূচক চিহ্ন দেখান।পরে তাঁদের গাড়িতে করে আদালত থেকে কারাগারে নিয়ে যাওয়া হয়।
এঁদেরই একজন মোস্তফা কামাল। তিনি ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি বিদ্রোহের সময় ল্যান্স নায়েক ছিলেন। তাঁর বাড়ি কুমিল্লায়। রায় জানতে সকালবেলা তাঁর স্ত্রী পারভীন আকতার বড় ছেলে ফয়সালকে নিয়ে পুরান ঢাকার বকশিবাজারের আলিয়া মাদ্রাসার পাশে উপস্থিত হন।
স্বামী খালাস পাওয়ায় কিছুটা খুশি হয়ে পারভীন আকতার প্রথম আলো ডটকমকে বলেন, ‘আমার বিশ্বাস ছিল আমার স্বামী নির্দোষ। এর বিচার আজ পেয়েছি। খালাস পাওয়ার বিষয়টি আইনজীবীর মাধ্যমে আমরা নিশ্চিত হয়েছি।’
পারভীন আকতার দাবি করেন, ‘বিডিআর বিদ্রোহের দিন সকালবেলা আমার স্বামী তাঁর শোবার ঘরে ঘুমিয়েছিলেন। কিন্তু সাক্ষী দিতে হবে অথবা আসামি হতে হবে—তাঁকে এমন দুইটা বিকল্প দেওয়া হয়েছিল। সাক্ষী দেননি বলে, তাঁকে আসামি করা হয়।’
পারভীন আরও জানান, দীর্ঘ চারটি বছর তাঁদের পুরো পরিবারকে মানসিক ও আর্থিকভাবে প্রচণ্ড কষ্ট সহ্য করতে হয়েছে। নানা ধরনের কথা শুনতে হয়েছে। আত্মীয়স্বজনের সাহায্যে ছেলেমেয়েদের লেখাপড়ার খরচ ও সংসার চলেছে।
নিজেদের আইনজীবীর কাছ থেকে রায়ের খবর জানতে পারলেও পারভীন আক্তার পুরোপুরি নিশ্চিত হয়েছেন বিকেল সোয়া চারটার দিকে। ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে মোস্তফা কামালসহ আরও কয়েকজনকে বহনকারী প্রিজনভ্যানটি থামার পরই আনন্দের এই সংবাদটি পান তিনি। এ সময় প্রিজনভ্যানের ভেতর থেকে চিত্কার করে মোস্তফা কামাল তাঁর স্ত্রী ও ছেলেকে বলেন, ‘খালাস পেয়েছি, খালাস।’