‘খালি ইলশার সুরতটা দেহি’
জেলে, পাইকার আর ফড়িয়াদের হাঁকাহাঁকি। পাশেই পন্টুনে বাঁধা সারি সারি ট্রলার। এসব ট্রলারের পেটের খোলভর্তি ইলিশ মাছ। এই ট্রলারগুলো সবেমাত্র গভীর সাগর থেকে এসে নোঙর করেছে। জেলেদের চোখে-মুখে ক্লান্তির ছাপ। সাত-আট দিন সাগরে ভাসা, জাল ফেলা আর জাল টানার শ্রমে তাঁদের ক্লান্ত হওয়ারই কথা। সাগরের নোনা জলের ঝাপটায় তাঁদের গায়ের রং কালচে হয়ে গেছে।সম্প্রতি দেশের দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় মাছের কেন্দ্র পাথরঘাটা বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে গিয়ে এমন দৃশ্য চোখে পড়ে। অবতরণ কেন্দ্রের বিক্রয় সেডের পূর্ব পাশে গোল দিয়ে মাছের দাম হাঁকছিলেন পাইকারেরা। ভিড়ের মধ্যেই ষাটোর্ধ্ব হামেজ উদ্দীন মাথা বাড়িয়ে চোখ বড় করে তাকিয়ে দেখছিলেন রুপালি ইলিশ। কী দেখছেন, প্রশ্ন করতেই দীর্ঘশ্বাস ছেড়ে তিনি বললেন, ‘ইলিশ মাছ দেহি বাজান, মোগো দেইক্কাই শান্তি।’ তারপর তিনি বলে গেলেন ইলিশ নিয়ে অতীত স্মৃতি আর বর্তমান আকাঙ্ক্ষার কথা। ‘বাবা, আগে আষাঢ় মাস অইতে ভাদ্র মাস পর্যন্ত মোগো গা দিয়া ইলশা মাছের গন্ধ অইতো। ইলশা মাছ খাইতে-খাইতে অভক্তি ধইর্যা যাইত। আর এহন মোগো দ্যাশের মানুষ চাইলেও একটা ইলিশ খাইতে পারে না। মোগো দ্যাশের মাছ খায় অন্য দ্যাশের মানসে। এই যে দ্যাহেন, যে মাছ আইছে হ্যা সব বরফ দিয়া ঢাকা, বরিশাল, খুলনা চালান অইয়্যা যাইবে। মোরা একটা মাছও খাইতে পারমু না, খালি ইলশার সুরতটা দেহি। পাথরঘাটা মৎস্যজীবী আড়তদার সমিতির সাধারণ সম্পাদক সগীর আলম বলেন, বর্তমান ইলিশের মৌসুমে সাগরে জেলেরা তেমন মাছ পাচ্ছেন না। প্রতিদিন গড়ে এক হাজার থেকে এক হাজার ২০০ মণ মাছ আসে। অথচ আগে এই মৌসুমে ৩০ থেকে ৪০ হাজার মণ ইলিশ প্রতিদিন এই কেন্দ্রে আসত। তিনি আরও বলেন, দেশের বিভিন্ন এলাকার মহাজনদের লোক প্রতিদিন এখানে মাছ কেনেন। তাঁরা সেই মাছ ট্রাকে চালান করেন। এ জন্য স্থানীয় পাইকারেরা ইচ্ছা করলেও এখান থেকে মাছ কিনতে পারেন না। এটা এখন ব্যবসার রেওয়াজ হয়ে গেছে। একই কথা বলেন দক্ষিণাঞ্চলের আরেকটি পাইকারি ইলিশ কেন্দ্র পটুয়াখালীর মহীপুর আড়তদার সমিতির সভাপতি ফজলুল হক গাজী। বরগুনা ও পটুয়াখালীর বিভিন্ন খুচরা বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, স্থানীয় খুচরা বাজারে যে ইলিশ পাওয়া যায়, তার দাম এতই চড়া যে সাধারণ ক্রেতারা কিনতে পারেন না। স্থানীয় নদ-নদীতে প্রান্তিক জেলেরা প্রতিদিন দু-চারটি করে ইলিশ পান, সেগুলো বাজারে আনার পর স্থানীয় ফড়িয়ারা কিনে নিয়ে মজুদ করে পরে তা বেশি দামে বিক্রি করেন। বরগুনার কয়েকজন জেলে জানান, গত ৩০ বছরে সাগরে মাছের এমন আকাল তাঁরা দেখেননি। বৈশাখের শুরুতে মহাজনের কাছ থেকে দাদন ও ধারদেনা করে জাল-নৌকা ঠিকঠাক করে সাগরে গিয়েছেন বেশ কয়েকবার। কিন্তু আশানুরূপ ইলিশ পাননি। তার ওপরে জলদস্যুদের বেপরোয়া চাঁদাবাজি, অপহরণ-নির্যাতনের আতঙ্ক তো আছেই। তালতলীর তেঁতুলবাড়িয়া এলাকার ট্রলারের মালিক নান্টু হাওলাদার জানান, তাঁর তিনটি ট্রলার চলতি বছর ২০ লাখ টাকা ব্যয় করে জাল, নৌকা ও ১৭ জন শ্রমিকসহ সাগরে তিন-চারবার করে গিয়ে শূন্য হাতে ফিরে এসেছেন। ভরা মৌসুমে সাগরে ইলিশ না পাওয়ার বিষয়ে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাৎস্য বিজ্ঞান বিভাগের কোর্স সমন্বয়কারী সুলতান মাহমুদ বলেন, নাব্যতা হ্রাস, নির্বিচারে জাটকা নিধন, অনাবৃষ্টি, পানি দূষণসহ নানা কারণে এটা হতে পারে। বেসরকারি সংস্থা কোডেকের বরিশাল অঞ্চলিক কার্যালয়ের গবেষক হারুন অর রশিদ বলেন, ইলিশের গতিপথ পরিবর্তনের ক্ষেত্রে ঘূর্ণিঝড় আইলার প্রভাব কম দায়ী নয়। আইলার কারণে এবার বর্ষা মৌসুম শুরু হয়েছে দেরিতে। সময়মতো বৃষ্টি না হওয়ায় সাগরের পানির লবণাক্ততা পরিবর্তন হয়নি। যে কারণে একটি বাচ্চা ইলিশ যখন নদী থেকে গভীর সাগরে গিয়ে পূর্ণতা পায়, তখন সে স্বাভাবিকভাবে উপকূলে ফিরে আসার মতো পরিবেশ পায় না। উপকূলীয় নদ-নদীর নাব্যতা কমে যাওয়ায় এটা সম্ভব হচ্ছে না। ফলে বাধাগ্রস্ত হয়ে ইলিশ পুনরায় সাগরে গিয়ে তার আগের অবস্থান বদল করে অন্যত্র চলে যায়। এসব কারণেই হয়তো এবার ইলিশের আকাল চরম আকার ধারণ করেছে।