'খালি ওরায় কয়া গেল'
রংপুরের বদরগঞ্জ উপজেলার আমরুলবাড়ী হাটখোলাপাড়া গ্রামের একটি ছোট্ট মুদি দোকান। দোকানের পাশে বাঁশ দিয়ে করা হয়েছে লোকজনের বসার ব্যবস্থা।
গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে সেখানে ছয়-সাতজন বসে গল্প করছিলেন। এরই মধ্যে কৃষক বরকত উল্লাহর মুঠোফোন বেজে ওঠে। ফোন ধরেন তিনি। অপর প্রান্ত থেকে বলা শুরু, ‘আচ্ছালামু আলাইকুম, আমি শেখ হাসিনা বলছি...।’ প্রধানমন্ত্রীর কথা শুনেই হকচকিত বরকত ওঠে দাঁড়ান। তাৎক্ষণিক তিনি দুরুদুরু মনে সাহস করে ফোনে শেখ হাসিনার উদ্দেশে বলতে থাকেন, ‘তোমাক হামরা চাই। কিন্তুক ধান, আলু পাটার (পাট) দাম পাই না ক্যান? হামরা কীভাবে বাঁচমো...।’
কৃষকের জীবন-যন্ত্রণার নিরুত্তর এমন অনেক জিজ্ঞাসার একপর্যায়ে অপর প্রান্ত থেকে ফোন কেটে যায়। হতাশ কৃষক কান থেকে মুঠোফোন নামিয়ে বলেন, ‘হামার কতা (কথা) শোনে না। খালি ওরায় (প্রধানমন্ত্রী) কয়া (বলে) গেল। যদিক শুনতো তা হইলে কনু হয়। অ্যাংকা করোছেন ক্যান? ক্ষোমোতা ছাড়ি ভোট দেও। ক্ষেমোতাত থাকি ভোট হয় না। মানুষ তোমাক খারাপ কওচে।’