কৃষক লাল মিয়ার বাড়ি ঘেঁষেই কুশিয়ারা নদী। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গত এক মাস আগে তাঁর বসতভিটায় হাঁটুপানি দেখা দেয়। এরপর থেকেই স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েকে নিয়ে পানিবন্দী জীবনযাপন করছেন। পানি কখনো কমছে, আবার কখনো বাড়ছে। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে নানা ধরনের ভোগান্তিও।
লাল মিয়ার বাড়ি সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পূর্ব গৌরীপুর ইউনিয়নের মধুরাই গ্রামে। রমজান মাসের শুরুর দিকে ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নদীর তীর উপচে গ্রামের আরও দেড় শতাধিক পরিবারের মতো তাঁরও বসতভিটায় পানি উঠেছিল। সেই পানি এখনো তাঁর ভিটায় থইথই করছে।
গতকাল বুধবার বিকেল পৌনে চারটায় কথা হয় তাঁর সঙ্গে। হতাশ লাল মিয়া জানান, পানিবন্দী জীবন। ঘরে-বাইরে পানি। এলাকা যোগাযোগবিচ্ছিন্ন হয়ে পড়েছে। কোথাও যাওয়া যাচ্ছে না। ঘরে খাবার আর বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। বন্যার পানি দীর্ঘস্থায়ী হওয়ায় এখন নতুন করে দেখা দিয়েছে নদীভাঙন। প্রতিদিন পানির তোড়ে নদী ভাঙছে। এতে ভাঙনের কবলে পড়ে তাঁর বসত বিলীন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তিনি বলেন, দুর্ভোগ আর জানে সয় না!
ফেঞ্চুগঞ্জের মধুরাই ও কোনা মধুরাই গ্রামের সাতজন পানিবন্দী বাসিন্দা জানান, চারপাশের মাঠ-রাস্তা তলিয়ে যাওয়ায় গোখাদ্যের তীব্র সংকট দেখা দিয়েছে। সাপের ভয়ে রাতের বেলা অনেকে ঘুমাতে পারছেন না। দীর্ঘস্থায়ী বন্যা হওয়ায় জোঁকের উপদ্রবও বেড়েছে। গ্রামের ডোবা-জলাশয়ের কোথাও কোথাও পানি পচে গিয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে। খোঁজ নিয়ে জানা গেছে, প্রায় একই চিত্র জেলার বিয়ানীবাজার, গোলাপগঞ্জ, ওসমানীনগর, বালাগঞ্জ, কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট, দক্ষিণ সুরমা ও জকিগঞ্জ উপজেলার বন্যাকবলিত পাঁচ শতাধিক গ্রামে।
কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ রণিখাই ইউনিয়নের চামারাকান্দি গ্রামের আসাদ উদ্দিন (৫২) একজন কৃষক। স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়ে নিয়ে তাঁর সংসার। গত মঙ্গলবার সকালে ভারতের সীমান্তবর্তী ধলাই নদীর পানি উপচে তাঁর গ্রামসহ উপজেলার অর্ধশতাধিক গ্রাম প্লাবিত হয়। এতে তাঁর বাড়িটিও মুহূর্তেই পানিবন্দী হয়ে পড়ে। আসাদ উদ্দিন বলেন, ‘আমাদের নৌকা নাই। অথচ চারপাশে পানি থাকায় বেরোনোর পথও বন্ধ হয়ে গেছে। এ অবস্থায় পরিবারের সদস্যদের নিয়ে বন্দী জীবনযাপন করছি।’
বাড়ির উঠানে বুকসমান পানি। সপ্তাহখানেক ধরে ঘরে বন্দী জীবনযাপন করছে পূর্ব ইসলামপুর ইউনিয়নের রংপুরিবস্তি গ্রামের হাবিবুর রহমানের পরিবারও। স্ত্রী, ছয় ছেলে ও এক মেয়েকে নিয়ে তাঁর নয়জনের পরিবার। এর মধ্যে এক ছেলে কলেজে এবং তিন ছেলে মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনা করছে। বন্যার কারণে তাঁর ছেলেরা দুদিন ধরে শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে পারছে না। হাবিবুর বলেন, ‘ঘর থাকি বাইর অইতে না পারায় বাজার-সদাইও করতে পারছি না। শর্টকাট জাউ (নরম ভাত) করা যায়, খালি জাউ খাইয়াই আছি! উঠানের পানি ঘরে উঠলে তো আর জাউও করা যাইত না!’
বিভিন্ন এলাকা ঘুরে দেখার সময় একাধিক বন্যার্ত জানান, বৃষ্টিপাত অব্যাহত থাকায় সৃষ্ট বন্যার পানি সহজে কমবে বলে মনে হচ্ছে না। বরং নিত্যনতুন এলাকা বন্যার পানিতে প্লাবিত হচ্ছে। এ অবস্থায় বানভাসি মানুষকে আরও দুর্ভোগ পোহাতে হবে। তবে বন্যা দীর্ঘস্থায়ী হওয়ায় প্রতিদিনই নিত্যনতুন দুর্ভোগ দেখা দিচ্ছে।
বানভাসি মানুষ জানিয়েছেন, বন্যায় উপজেলাগুলোর অভ্যন্তরীণ সব রাস্তাই ডুবে গেছে। এতে বন্যাকবলিত গ্রামগুলো উপজেলা থেকে একেবারেই বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এ অবস্থায় জ্বালানি তেল থেকে শুরু করে মুদির দোকান ও কাঁচাবাজারে নিত্যপণ্যের সংকট দেখা দিয়েছে। সবজিসহ খাদ্যপণ্যের দাম বেড়েছে অস্বাভাবিক হারে। অনেক নলকূপ পানিতে তলিয়ে যাওয়ায় বিশুদ্ধ খাবার পানির সংকটও দেখা দিয়েছে। বাড়িঘর পানিতে নিমজ্জিত থাকায় অনেকে নিরাপদ আশ্রয়ের সন্ধানে অন্যত্র চলে গেছেন। কেউবা ঘরের ভেতরেই মাচা বেঁধে সেখানেই ঘুমানো ও রান্নাবান্নার কাজ সারছেন।
সিলেটের জেলা প্রশাসক মো. রাহাত আনোয়ার প্রথম আলোকে বলেন, যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ায় হয়তো স্থানীয় বাজারে খাদ্যপণ্যের দাম কিছুটা বেড়েছে। তবে সেটা যেন কোনোভাবেই অস্বাভাবিক পর্যায়ে চলে না যায়, এ নিয়ে জেলা প্রশাসনের কড়াকড়ি নজরদারি রয়েছে। এ ছাড়া বন্যার্তদের জ্বালানি সংকট নিরসনে কী করা যায়, সেটিও গুরুত্বের সঙ্গে প্রশাসন বিবেচনায় রাখছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।