'খালি ডর ডর লাগে'
‘দেশের এই অবস্থায় পথে-ঘাটে যাইতে-আইতে খালি ডর ডর লাগে। হুটহাট ককটেল ফুইট্যা উঠে। মনে হয় এই বুঝি আমার শরীরের ওপর ককটেল ফুটল! ২৯ (ডিসেম্বর) তারিখ যে কী হবে, তা-ই ভেবে কূল পাচ্ছি না।’ চলমান রাজনৈতিক সহিংসতায় এভাবেই আতঙ্ক প্রকাশ করলেন সিলেট নগরের ভাতালিয়া এলাকার স্কুলশিক্ষক তাহের মিয়া।
গতকাল বৃহস্পতিবার বেলা একটা থেকে আড়াইটা পর্যন্ত নগরের সাতটি এলাকার ২০ জন মানুষের সঙ্গে আলাপ হয়। তাঁরা অভিন্ন সুরে জানান, নির্বাচন নিয়ে দেশে বর্তমান পরিস্থিতির জন্য আওয়ামী লীগ ও বিএনপি উভয় দলই দায়ী। নির্বাচন নিয়ে এই দুই দলের অনৈক্যের কারণে জামায়াত-শিবির ফায়দা লোটার চেষ্টা করছে।
লালবাজার মাছবাজারে কথা হয় ব্যবসায়ী আনিসুল ইসলামের সঙ্গে। তিনি ক্ষোভের সঙ্গে বলেন, ‘টানা অবরোধ থাকায় বাজারে মাছের সরবরাহ প্রায় বন্ধ হয়ে পড়েছিল। যেসব মাছ ছিল, সেসবের দামও ছিল চড়া। এখন অবরোধ না থাকায় প্রচুর ক্রেতা মাছ কিনতে আসছেন। কিন্তু দাম যেন আরও বেড়েছে। এ অবস্থার জন্য রাজনৈতিক দলগুলোর অহিষ্ণু আচরণই দায়ী। কোনো রকমে খেয়ে-বেঁচেবর্তে আছি রে ভাই।’
নয়াসড়ক এলাকার বাসিন্দা গৃহিণী সামিয়া বেগম বলেন, ‘পত্রপত্রিকা আর টিভিতে যেসব সংহিস ঘটনা দেখছি, এতে ভয়ে ঘরের বাইরে আসা বন্ধ করে দিয়েছি। কিছু জরুরি কেনাকাটা থাকায় প্রায় ১৫ দিন পর আজ (গতকাল) বেরোলাম। কবে যে এ অবস্থার শেষ হবে! নিজেদের কোনো এক অবরুদ্ধ দেশের বাসিন্দা মনে হচ্ছে।’
শিবগঞ্জের বাসিন্দা ব্যাংক কর্মকর্তা খায়রুল হক জানান, আসন্ন নির্বাচনে বিরোধী দল অংশ না নিয়ে ভুল করেছে। তারা জনগণের কথা না ভেবে কাণ্ডজ্ঞানহীন কর্মসূচি দিচ্ছে। জামায়াতের সঙ্গ ত্যাগ করে বিএনপির নির্বাচনে যোগ দেওয়া উচিত ছিল।
তবে ছড়ারপার এলাকার বাসিন্দা ইয়াসিন আহমদ জানান, সরকার একতরফা নির্বাচনের উদ্যোগ না নিলে বিরোধী দলের আন্দোলন করার কোনো সুযোগ ছিল না। দেশের বর্তমান অবস্থার জন্য সরকারই দায়ী। তাই সরকারেরই উচিত দ্রুত তফসিল পরিবর্তন করে নতুনভাবে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা দেওয়া।
জিন্দাবাজার এলাকার ব্যবসায়ী ইদ্রিস মিয়া জানান, যুদ্ধাপরাধীদের বিচার আওয়ামী লীগ সরকারের একটি বিরাট সাফল্য। আবার একতরফা নির্বাচন করাটা এ সরকারের বিরাট ব্যর্থতা। শেখঘাট এলাকার বাসিন্দা ইসমাইল হোসেন জানান, এখন মানুষজন ভয়ে ভয়ে দিন কাটাচ্ছে। বাসা-বাড়ি, রাস্তা-ঘাট কোথাও কেউ নিরাপদে নেই। দেশের মানুষ হানাহানি চায় না, পর্যাপ্ত নিরাপত্তা চায়।