‘খালি নদীর ভাঙনটা ঠেকে দেন’
‘মোর এক বিঘা জমি, তিনটা ঘর নদী খাইছে। পোত্তেক দিন চার-পাঁচ হাত করি জায়গা ভাঙিবার নাগছে। এমন ভাঙন মুই বাপের জনমে দেখি নাই।’ গত বৃহস্পতিবার কথাগুলো বলেন রংপুরের তারাগঞ্জ উপজেলার কূর্শা ইউনিয়নের ঘনিরামপুর গ্রামের কৃষক আবদুর রাজ্জাক (৪৮)।বৃহস্পতিবার যমুনেশ্বরী নদীর তীরবর্তী ঘনিরামপুরে গিয়ে কথা হয় গ্রামের বাসিন্দাদের সঙ্গে। তাঁরা জানান, গ্রামে প্রায় দুই হাজার লোকের বাস। ভাঙনের কবলে পড়ে জমিজমা, বাড়িঘর হারিয়ে এখন অনেকেই দিশেহারা। প্রায় এক যুগ ধরে প্রতিবছর গ্রামটি ভাঙনের কবলে পড়ে। গত দুই সপ্তাহে গ্রামের ২০টি ঘর এবং প্রায় ১০ একর জমি বিলীন হয়েছে।গ্রামের কৃষক মোজাম্মেল হোসেন (৪০) বলেন, ‘বাহে নদীটা হামাক শ্যাষ করি দেছে। আবাদি জমি একনা আছিল সেকনাও নদীর মধ্যে চলি গেইছে।’দিনমজুর জাহিনুর রহমান (৪২) বলেন, ‘ভাইজান হামরা কিছু চাই না, খালি নদীর ভাঙনটা ঠেকে দেন। ভয়ে সারা রাত ঘুমবার পাড়ি না। দারাম দারাম করি নদীটা ভাঙেছে।’গৃহবধূ আসমা খাতুন (৩৮) বলেন, ‘গত আট বছরে চারবার নদী বাড়ি ভাঙছে, জমি-জায়গা এখন নদীত। সাত শতক জমি কিনি বাড়ি করি আছি। ওটেও ভাঙন শুরু হইছে। দুটা কাঁঠালের গাছ আছল তাকো নদীত গেইছে।’কূর্শা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মোস্তফা কামাল বলেন, ভাঙন রোধে কোনো পদক্ষেপ না নেওয়ায় নদীগর্ভে বসতভিটা ও ফসলি জমি বিলীন হচ্ছে। কূর্শা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাছনা বানু বলেন, ভাঙনের কারণে পুরো গ্রাম এখন হুমকির মুখে। বিষয়টি কয়েকবার পানি উন্নয়ন বোর্ডকে (পাউবো) জানানো হয়েছে। কিন্তু কোনো ফল হয়নি।উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুন্নবী দুলাল বলেন, ‘ভাঙন রোধে পাউবো সৈয়দপুরের নির্বাহী প্রকৌশলীকে ব্যবস্থা নিতে অনুরোধ করেছি।’পাউবো সৈয়দপুরের নির্বাহী প্রকৌশলী আবদুর রাজ্জাক বলেন, বরাদ্দ পেলেই ওই স্থানে নদীর ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।