'খালি মুড়ি খেয়া আছি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা বর্ষণে রংপুরের তারাগঞ্জ উপজেলার বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ৩০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বন্যায় ডুবেছে রাস্তাঘাট। বন্যার পানিতে ঘর-বাড়ি তলিয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছে স্বল্প আয়ের মানুষ। অনেকে ঘরবাড়ি ছেড়ে ঠাঁই নিয়েছে আত্মীয়স্বজনের বাড়ি ও শিক্ষাপ্রতিষ্ঠানে।

গতকাল সোমবার সরেজমিনে ইকরচালী, হাড়িয়ারকুঠি, সয়ার, কুর্শা ও আলমপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, ১০ হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। অনেক পানিবন্দী মানুষ স্কুল ও মহাসড়কের ধারে আশ্রয় নিয়েছে। কিন্তু এখন পর্যন্ত এসব পরিবারকে সরকারিভাবে কোনো সহায়তা করা হয়নি।

ফাজিলপুর উচ্চবিদ্যালয়ে আশ্রয় নিয়েছে দেড় শ পরিবার। সেখানে গিয়ে দেখা যায়, চিকলী গ্রামের সামছুন্নাহার (৩৭) তাঁর দুই সন্তান নিয়ে নির্বাক দাঁড়িয়ে আছেন। সাংবাদিক পরিচয় শুনে এগিয়ে এসে তিনি বলেন, ‘ঘরে চাউল নাই, কষ্টে আছি। এলাকার মেম্বার-চেয়ারম্যানরা কাছোত আইসোছে না। আইজ সকাল থাকি খালি মুড়ি খেয়া আছি।’

ইকরচালী ইউনিয়নের পালপাড়া গ্রামের সবার বাড়ি-ঘরে পানি। যোগাযোগব্যবস্থা ভেঙে পড়েছে। রাস্তাঘাটে পানি আর পানি। চরম দুর্ভোগে পড়েছে গ্রামটির মানুষ। ওই গ্রামের গৃহবধূ নবানী রানী রায় (৪৫) বলেন, ‘বানের আগোত সোয়ামী কাম কইরার বাইরোত গেইচে। তিনডা ছাওয়া নিয়া পরি আছুং। বাড়িত এক বুক পানি। ঘরের ভেতরোত মাচা করি আছুং। ঘরোত খাবার নাই, ভাত-তরকাই রান্নাবান্না করির জাগাও নাই। মোক সাহায্য করিবারও কোনো লোকও আইসে নাই।’

ঘনিরামপুর বড়গোলা উচ্চবিদ্যালয়ে আশ্রয় নেওয়া ঘনিরামপুর গ্রামের জোসনা বেগম (৪০) বলেন, ‘কয়দিন খুব রইদ গেল। হঠাৎ তিন দিন আগোত ঘরবাড়ি তলে গেইচে। এ্যালা থাকারও জাগা নাই। ছইল-পইল নিয়া স্কুলের ঘরোত খেয়া না খেয়া দিন কাটাউছি তাও কায়ও দেখপারও আইসে নাই। সাহায্য দেয় নাই।’

নদীর পাড় গ্রামের মোকলেছার রহমান বলেন, ‘নদীর পাড়, নারায়ণজন, সরকারপাড়া, গ্রামে মানুষের পাশাপাশি গরু-বাছুর, হাঁস-মুরগি, ছাগল-ভেড়া নিয়া মানুষ বিপদে পড়ছে। নিজেদের থাকার জায়গা নাই, ওদের কোথায় রাখবে। কী খাবার দেবে। ঘাস, খড় সবই তো ডুবে গেছে।’

আলমপুর ইউপির চেয়ারম্যান মঞ্জুর কাদের বলেন, ‘আমার ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৮ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এদের ৯০ ভাগই গরিব মানুষ। গতকাল ত্রাণ পেয়েছি মাত্র ১ টন চাল।’

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মাজেদুল ইসলাম বলেন, অতিবর্ষণে উপজেলার ৫টি ইউনিয়নের ৪০টি গ্রামের ৩০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।

ইউএনও জিলুফা সুলতানা বলেন, ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য সরকারিভাবে ১০ মেট্রিক টন চাল বরাদ্দ পাওয়া গেছে। তালিকা করে তা ইউপি চেয়ারম্যানদের বিতরণ করতে বলা হয়েছে।