‘খালি হরতাল, গ্রামোত কোনো কাম নাই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের উত্তর নওয়াবশ গ্রামের দিনমজুর মহুবর রহমান (৩৫) গত মঙ্গলবার ধরলা নদীর তীর ধরে বাড়ি ফিরছিলেন। ঘাড়ে গামছা। গামছার কোনায় বাঁধা টমেটো।থামিয়ে কথা বলতে চাইলে বলেন, ‘কী কথা কম, দেখেন না দ্যাশোত কেমন গন্ডগোল। খালি হরতাল। গ্রামোত কোনো কাম নাই। বাইরে কাম করবার যাম সে উপায় নাই। হাওলাদ-বাওলাদ করি কত চলি। বাধ্য হয়া সকালে উঠি শহরে কামের জন্য যাই। কোন কাম পাইলং না। আসার সময় বাজারে এক লোকের বাড়ির বেড়া তুলি দিয়া ২০ ট্যাকা পাইছি, তাই দিয়া দুই কেজি টমেটো নিছি। দোকান থাকি চাউল বাকি নিয়া খাম।’সরকারি-বেসরকারি তথ্যমতে, কুড়িগ্রাম জেলায় দিনমজুরের সংখ্যা সাড়ে তিন লাখ। চৈত্র-বৈশাখ মাসে ধান-পাট লাগানোর পর তাঁদের হাতে কাজ থাকে না। তখন অধিকাংশ জেলার বাইরে চলে যান। কিন্তু রাজনৈতিক অস্থিরতা, হরতাল ও সহিংস ঘটনায় মহুবর রহমানের মতো বেশির ভাগ দিনমজুর যেতে পারেননি।গত সোমবার বিকেলে সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের কাঁচিচরে গিয়ে দেখা যায়, চারদিকে সবুজে ছেয়ে আছে। সেচযন্ত্রের ঘর ছাড়া কোথাও কৃষিশ্রমিক চোখে পড়ে না। কিছু দূরে পাওয়া গেল ছয়জন জমি থেকে বাঁধে উঠে আসছেন। তাঁদের মধ্যে সাইফুল ইসলাম (৪০) এক মাস ধরে জ্বরে ভুগছেন। তিনি জানান, এই শরীর নিয়ে দুই সপ্তাহ আগে কাজের জন্য টাঙ্গাইল যাচ্ছিলেন। হরতালের কারণে ফিরে এসেছেন। এখন পাঁচ সদস্যের সংসার চলছে কর্জ করে। একই এলাকার সফিকুল ইসলাম বলেন, ‘হরতাল না থাকলে ঢাকা গেলং হয়। যে মারামারি ভয় নাগে। বাড়িত কয় না খায়া মরমো তাও বাইরে যাওয়া হবে না।’