'খালেদা ক্ষমতায় গেলে রক্তের নহর বয়ে যাবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাসদের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, খালেদা জিয়া একাত্তর, পঁচাত্তর আর ২১ আগস্ট গ্রেনেড হামলার জঘন্য খুনিদের নিয়ে ক্ষমতা দখলের চক্রান্ত করছেন। তিনি এই খুনিদের নিয়ে ক্ষমতায় গেলে দেশে রক্তের নহর বয়ে যাবে। জনগণ তা হতে দেবে না। জাসদ এই চক্রান্ত প্রতিরোধ করবে।

গতকাল মঙ্গলবার বঙ্গবন্ধু এভিনিউয়ে জাসদ কার্যালয়ে দলের ঢাকা বিভাগীয় প্রতিনিধি সম্মেলনে হাসানুল হক ইনু এসব কথা বলেন।

এর আগে গত সোমবার একটি ইফতার অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছিলেন, জাসদ ও এরশাদসহ সব খুনিরা এক হয়েছে।

খালেদা জিয়ার এ বক্তব্যের পরিপ্রেক্ষিতে ইনু বলেন, ‘কাউকে খুনি বললে নিহতদের তালিকা দিন।’ তিনি বলেন, জাতীয়তাবাদী সমাজতান্ত্রিক দল (জাসদ) সব সময় প্রকাশ্য রাজনীতি করেছে। কখনো কোনো চক্রান্তের পথ বেছে নেয়নি। জাসদ গণবাহিনী করেছে, প্রকাশ্যেই করেছে।

জাসদের কেন্দ্রীয় নেতা মীর হোসেন আকতারের সভাপতিত্বে সম্মেলনে দলের সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, দলের কেন্দ্রীয় নেতা সাংসদ শিরীন আখতার, নাজমুল হক প্রধান প্রমুখ বক্তব্য দেন।