বিরোধী দল বিএনপির চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, ‘বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া গ্রেপ্তার নাকি গৃহবন্দী, বিষয়টি জাতির সামনে স্পষ্ট করার জন্য আমরা রাষ্ট্রপতির কাছে আবেদন করেছি। তিনি বলেছেন, তিনি এ ব্যাপারে সরকারের সঙ্গে আলোচনা করবেন।’
আজ শুক্রবার বিকেল চারটার দিকে বঙ্গভবনে বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকের নেতৃত্বে বিএনপির সংসদীয় দলের আটজনের একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে দেখা করে। সেখানে তাঁদের মধ্যে প্রায় এক ঘণ্টা আলোচনা চলে। সাক্ষাত্ শেষে বঙ্গভবনের সামনে জয়নুল আবদিন ফারুক সাংবাদিকদের এসব কথা বলেন।
জয়নুল আবদিন ফারুক আরও বলেন, ‘আজ বিএনপির কোনো শীর্ষ পর্যায়ের নেতা খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে পারেননি। তাঁর বাড়ির সামনে বালুর ট্রাক দিয়ে রাস্তা বন্ধ করা। তিনি দলীয় কার্যালয়ে যেতে পারছেন না। এতে মৌলিক অধিকার খর্ব হয়। আমরা রাষ্ট্রপতির কাছে মৌলিক অধিকার রক্ষার জন্য আবেদন জানিয়েছি। মৌলিক অধিকার রক্ষার বিধান সংবিধানেই আছে বলে রাষ্ট্রপতি আমাদের আশ্বাস দিয়েছেন।’
প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন—বিরোধী দলের সাংসদ আশরাফ উদ্দিন নিজান, হারুন অর রশিদ, নাজিম উদ্দিন আহমেদ, নারী সাংসদ আশিফা আশরাফী পাপিয়া, নিলোফার চৌধুরী নিলু, রেহানা আক্তার ও রাশেদা বেগম হীরা।
২৯ ডিসেম্বর সারা দেশ থেকে ঢাকামুখী ‘গণতন্ত্রের অভিযাত্রা’য় অংশ নেওয়ার কথা ছিল খালেদা জিয়ার। কিন্তু তার আগের দিন সন্ধ্যায় খালেদা জিয়ার গুলশানের বাড়ির সামনে অবস্থান নেয় পুলিশ। তাঁর বাসায় ঢোকার রাস্তা বালুর ট্রাক দিয়ে বন্ধ করে দেওয়া হয়। দলীয় নেতারা তাঁর বাসভবনে যেতে চাইলে আটক হন। তবে বিদেশি কূটনীতিকেরা খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে পেরেছেন। ইতিমধ্যে মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা এবং যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট গিবসন বাসায় গিয়ে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত্ করেছেন। পরের দিন ৩০ ডিসেম্বর একই কর্মসূচি পালনের ঘোষণা দিলেও খালেদা জিয়া আগের দিনের মতো বাসা থেকে বের হওয়ার চেষ্টা করেননি। এরপর অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি ঘোষণা করা হলেও তাঁর বাড়ির সামনে পুলিশি অবস্থান আগের মতো আছে। গতকালও বাসার প্রধান ফটকের দুই পাশে চারটি বালুভর্তি ট্রাক রাখা ছিল। এগুলো না সরালে কোনো গাড়ি বাসা থেকে বের হয়ে সড়কে উঠতে পারবে না।