'খালেদা জিয়া না এলে নির্বাচন ঠেকে থাকবে না'
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী বলেছেন, প্রধানমন্ত্রী নির্বাচনে আসার জন্য খালেদা জিয়াকে বারবার আহ্বান জানাচ্ছেন। কিন্তু তিনি নির্বাচনে আসতে চান না। খালেদা জিয়া না এলে নির্বাচন ঠেকে থাকবে না।
গতকাল রোববার রাজশাহী নগরের সাহেববাজার জিরো পয়েন্টে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জেলহত্যা দিবস উপলক্ষে এই জনসভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমান।
লতিফ সিদ্দিকী বলেন, ‘সংলাপের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খালেদা জিয়াকে টেলিফোন করেছিলেন, কিন্তু তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে কী ভাষায় কথা বলেছেন আপনারা সবাই শুনেছেন।’
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ এইচ এম খায়রুজ্জামান লিটন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী, ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য ও রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা, জেলা আওয়ামী লীগের সভাপতি সাংসদ মেরাজ উদ্দিন মোল্লা প্রমুখ।