'খালেদা জিয়া ইতিহাস বিকৃতির নতুন পদ্ধতি গ্রহণ করেছেন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুধী সমাবেশ ও মতবিনিময় সভায় বক্তারা। ছবি: প্রথম আলো
সুধী সমাবেশ ও মতবিনিময় সভায় বক্তারা। ছবি: প্রথম আলো

ডাক, টেলিযোগাযোগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী বলেছেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ইতিহাস বিকৃতির নতুন পদ্ধতি গ্রহণ করেছেন। তার পুত্রের ভাষায় জিয়াউর রহমানকে দেশের প্রথম রাষ্ট্রপতি বলে তিনি কী প্রমাণ করতে চান? তিনি নতুন করে একটি বিভ্রান্তির জন্ম দিতে চান। ক্ষমতায় যাওয়ার জন্য তিনি পাগল হয়ে গেছেন। কিন্তু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনা ক্ষমতায় গিয়ে নেতা হননি। তারা জনগণের ভালোবাসায় নেতা হয়েছেন।’
আজ বুধবার দুপুরে নেত্রকোনা সদরের পাবলিক হলে এক সুধী সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আব্দুল লতিফ সিদ্দিকী এসব কথা বলেন। জেলা আওয়ামী লীগ এ সুধী সভার আয়োজন করে।
আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর এই সদস্য বলেন, ‘আমাদের স্বাধীনতার পরাজিত শক্তির ষড়যন্ত্র এখনো শেষ হয়নি। যারা ধর্ম ব্যবসায়ী, সাম্প্রদায়িক অপশক্তি, তারা একের পর এক ষড়যন্ত্রের জাল বিস্তার করছে। এদের ষড়যন্ত্র রুখতে হলে সব প্রগতিশীল রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক শক্তিকে দলমত-নির্বিশেষে এক হতে হবে।’
উন্নয়ন সম্পর্কে আবদুল লতিফ সিদ্দিকী বলেন, ‘শুধু নিজের উন্নয়নকে অর্থনৈতিক উন্নয়ন বলে না। উন্নয়নের বৈষম্য দূর করে সমাধিকার প্রতিষ্ঠা করে মানুষের মৌলিক চাহিদা পূরণের কাজ করতে হবে। বর্তমান সরকার সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে। যারা আওয়ামী লীগের মধ্যে থেকে লুটপাটের কথা চিন্তা করে বা লুটপাটের দর্শনে বিশ্বাস করে, তাদের সঙ্গে বিএনপি-জামায়াতের কোনো পার্থক্য নেই। শুধু মোবাইল হাতে থাকলেই ডিজিটাল বাংলাদেশ হবে না। ডিজিটাল বাংলাদেশ বলতে বুঝায় সারা পৃথিবীকে হাতের মুঠোয় আনা।

আবদুল লতিফ সিদ্দিকী আরও বলেন, ‘বিএনপি-জামায়াত আমাদের শত্রু নয়, আমি আমার নিজের শত্রু। আজ দলীয় লোকজন একে অপরের বিরুদ্ধে কথা বলেন, নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হয়ে যান। কিন্তু নিজেদের মধ্যে বিভেদ থাকলে চলবে না। এতে করে দল ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার শক্তি দুর্বল হয়। নিজেদের মধ্যের সব দ্বন্দ্ব, হিংসা, বিভেদ ভুলে জনগণের সঙ্গে থাকতে হবে।’
জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মতিয়র রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়। আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা অসীম কুমার উকিল, সাবেক সাংসদ আশরাফ আলী খান খসরু, জেলা প্রশাসক আবুল কালাম আজাদ, পুলিশ সুপার জাকির হোসেন খান, পৌরসভার মেয়র প্রশান্ত কুমার রায় প্রমুখ।
এরপর আবদুল লতিফ সিদ্দিকী ও আরিফ খান দুর্গাপুর উপজেলায় জালাল উদ্দিন তালুকদার ফাউন্ডেশন আয়োজিত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।