বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়া উপমহাদেশীয় জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার পৃষ্ঠপোষক। তিনি দেশে যেমন সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতা করছেন, তেমনি উপমহাদেশীয় জঙ্গিবাদেরও পৃষ্ঠপোষকতা করেন।গতকাল শনিবার দুপুরে নগরের স্টেশন সড়কে একটি আবাসিক হোটেলের বর্ষপূর্তি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন বন ও পরিবেশমন্ত্রী মো. হাছান মাহমুদ।মন্ত্রী হাছান মাহমুদ বলেন, বিরোধীদলীয় নেত্রী ভারত সফরে গিয়ে কী বৈঠক করেছেন তা জাতির সামনে সময়মতো তুলে ধরা হবে। পরিবেশমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার দিনে যারা মিথ্যা জন্মদিন পালন করে, মানবতাবিরোধী অপরাধের বিচারকে যারা নিরুৎসাহিত করে তাদের মুখে শিষ্টাচারের কথা শোভা পায় না। একজন চোর সাধারণ মানুষকে চোর বললে শুনতে যে রকম লাগে বিএনপির নেতারা যখন শিষ্টাচারের কথা বলেন তখন শুনতে ঠিক সে রকমই লাগে। অন্তত বেগম খালেদা জিয়া ও তাঁর দলের লোকজনের কাছ থেকে আওয়ামী লীগ নেতাদের শিষ্টাচার শিখতে হবে না বলে মন্ত্রী উল্লেখ করেন।এর আগে মন্ত্রী কেক কেটে ফেবার ইন হোটেলের বর্ষপূর্তি অনুষ্ঠানের উদ্বোধন করেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আবু সুফিয়ান, কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমান ও ফেভার ইন হোটেলের ব্যবস্থাপনা পরিচালক শফিউল আলম।