
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজার ঘটনায় সুপ্রিম কোর্টের ২০১ জন আইনজীবী নিন্দা জানিয়েছেন। তাঁদের দাবি, খালেদা জিয়া এ মামলায় ন্যায়বিচার পাননি। রাজনৈতিকভাবে প্রভাবিত হয়ে বিচারক এ রায় দিতে বাধ্য হয়েছেন।
আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে সুপ্রিম কোর্টের ২০১ জন আইনজীবী এ নিন্দা জানান। বিবৃতিতে ৫০ জন আইনজীবীর নাম উল্লেখ করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, যে অভিযোগে খালেদা জিয়াকে দোষী সাব্যস্ত করা হয়েছে, এর সঙ্গে খালেদা জিয়ার ন্যূনতম সংশ্লিষ্টতা নেই। বিচারের বিভিন্ন পর্যায়ে এটি দেশের জনগণের কাছে সুস্পষ্ট হয়েছে।
বিবৃতিতে আইনজীবীরা বলেছেন, বিএনপি চেয়ারপারসনকে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখার অপচেষ্টার অংশ হিসেবে বানোয়াট, মিথ্যা ও হয়রানিমূলক মামলায় দোষী সাব্যস্ত করা হয়েছে। তাঁরা আশা করেন, খালেদা জিয়া উচ্চ আদালতে ন্যায়বিচার পাবেন এবং নির্দোষ প্রমাণিত হবেন।
খালেদা জিয়াকে সাজা দেওয়ার ফলে দেশের বড় দুটি রাজনৈতিক দলের মধ্যকার দূরত্ব আরও চরম আকার ধারণ করবে বলে আশঙ্কা প্রকাশ করেন বিবৃতিদাতারা। তাঁরা বলেন, এর ফলে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সব রাজনৈতিক দলের অংশগ্রহণে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনে পরিণত করার উদ্যোগ তৈরিতে রাজনৈতিক সমঝোতার পরিবেশ ধূলিসাৎ হওয়ার আশঙ্কা দেখা দিল। পাশাপাশি সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ ও আইনের শাসন প্রতিষ্ঠার জন্য দেশের জনগণের যে আকাঙ্ক্ষা, তা অনিশ্চয়তার দিকে এগিয়ে গেল।
বিবৃতিদাতা আইনজীবীরা হলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি খন্দকার মাহবুব হোসেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক সাইদুর রহমান, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির জ্যেষ্ঠ সদস্য গোলাম আরশাদ, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সহসভাপতি রফিকুল ইসলাম, সুপ্রিম কোর্টের আইনজীবী তৈমুর আলম খন্দকার, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সহসভাপতি ফাহিমা নাসরিন, আইনজীবী গাজী কামরুল ইসলাম, এ কে এম এহসানুর রহমান, মীর হেলাল প্রমুখ।