‘খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের পক্ষে অবস্থান নিয়েছেন’
বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়া তাঁর সাম্প্রতিক বক্তৃতা-বিবৃতিতে যুদ্ধাপরাধীদের পক্ষে অবস্থান নিয়েছেন বলে অভিযোগ করেছে সেক্টর কমান্ডারস ফোরাম।ফোরামের ভাইস চেয়ারম্যান কে এম সফিউল্লাহর সভাপতিত্বে গত শনিবার ঢাকায় অনুষ্ঠিত ফোরামের কার্যনির্বাহী পরিষদের এক সভায় এই অভিযোগ করে প্রস্তাবও গ্রহণ করা হয়েছে। সভায় গৃহীত প্রস্তাবে বলা হয়, ‘সেক্টর কমান্ডারস ফোরাম অত্যন্ত ক্ষোভ ও দুঃখের সঙ্গে লক্ষ করছে, বিরোধীদলীয় নেত্রী তাঁর সাম্প্রতিক বক্তৃতা-বিবৃতিতে যুদ্ধাপরাধীদের পক্ষে সরাসরি অবস্থান গ্রহণ করেছেন। তিনি অভিযুক্ত যুদ্ধাপরাধীদের অবিলম্বে মুক্তিও দাবি করেছেন। এমনকি, বহুল প্রতীক্ষিত আন্তর্জাতিক ওয়ার ক্রাইমস ট্রাইব্যুনালের বিরুদ্ধেও এমন সব বক্তব্য দিয়েছেন, যা যুদ্ধাপরাধীদের বিচারের প্রক্রিয়াকে চ্যালেঞ্জ এবং দেশের সংবিধান, বিদ্যমান আইন ও জাতীয় স্বাধীনতার ইতিহাস ও চেতনার সম্পূর্ণ বিপরীতে অবস্থান গ্রহণ করার শামিল।’ বিজ্ঞপ্তি।