তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, খালেদা জিয়া রাজনীতির শয়তান ও ধ্বংসের রানি। তিনি জিয়াউর রহমানকেও ‘চার নম্বর মীরজাফর’ বলে মন্তব্য করেন।
গতকাল মঙ্গলবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় তিনি এসব কথা বলেন। ‘জিয়া বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি’ বলে খালেদা জিয়া ও তারেক রহমানের বক্তব্যের পরিপ্রেক্ষিতে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। হাসানুল হক বলেন, পলাশীর মীরজাফর প্রথম, একাত্তরে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী রাজাকাররা দ্বিতীয় মীরজাফর, পঁচাত্তরে বঙ্গবন্ধু হত্যাকারীরা তৃতীয় মীরজাফর এবং সংবিধান সংশোধন ও রাজাকারদের বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসনকারী জিয়াউর রহমান বাংলাদেশের চার নম্বর মীরজাফর।
প্রধানমন্ত্রী যখন চাইবেন তখন নির্বাচন: বিএনপির মধ্যবর্তী নির্বাচনের দাবি নাকচ করে দিয়ে পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেন, সংবিধানের ভেতরে থেকে নির্বাচিত সরকারের অধীনে নির্বাচন হবে। সরকারের মেয়াদ পূর্ণ করেই প্রধানমন্ত্রী যখন চাইবেন, তখনই একাদশ সংসদ নির্বাচন হবে।