সাতক্ষীরায় যৌথ বাহিনীর অভিযান সম্পর্কে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্যকে ‘রাষ্ট্রদ্রোহ’ বলে মন্তব্য করে আগামী ২৪ ঘণ্টার মধ্যে তা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। একই সঙ্গে তিনি খালেদা জিয়াকে ক্ষমা চাইতেও বলেছেন।
গতকাল মঙ্গলবার বিকেলে আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সৈয়দ আশরাফ এ আহ্বান জানান। তিনি খালেদা জিয়ার গত সোমবারের সমাবেশে দেওয়া বক্তব্য খণ্ডন করে তার জবাব দেন।
ওই সমাবেশে খালেদা জিয়া সাতক্ষীরায় যৌথ বাহিনীর অভিযানে বাংলাদেশের কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ছিলেন কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেন। তিনি বলেন, ‘আপনারা দেখেছেন, কীভাবে মানুষকে নির্যাতন করেছে। আদৌ যৌথ বাহিনী ছিল কি না, সেটা নিয়ে মানুষের মনে সন্দেহ আছে। বাংলাদেশের পুলিশ ও অন্য বাহিনী এত নিষ্ঠুর হবে, এটা নিয়ে মানুষের সন্দেহ রয়েছে। তাদের কাজকর্ম দেখে মনে হয় না সার্বভৌমত্ব অটুট আছে।’
এর জবাব দিতে গিয়ে সৈয়দ আশরাফ বলেন, সাতক্ষীরায় ভারতীয় বাহিনীর সহায়তায় অভিযান পরিচালনার সংবাদ প্রকাশ করে দৈনিক ইনকিলাব ক্ষমা চাইলেও খালেদা জিয়া নির্লজ্জ মিথ্যাচার করেছেন। তিনি দেশের সশস্ত্র বাহিনীকে হেয় করেছেন। রাজনৈতিক মতপার্থক্যের কারণে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে তিনি হুমকির মুখে ঠেলে দেবেন, তা হতে পারে না। তিনি বলেন, কেউ দেশের সশস্ত্র বাহিনী নিয়ে ছিনিমিনি খেললে, স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে উঠলে, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
সৈয়দ আশরাফ প্রশ্ন তুলে বলেন, ‘ইনকিলাব ক্ষমা চেয়ে বলল, খবরটি সঠিক নয়। আর খালেদা জিয়া বললেন, সাতক্ষীরায় যৌথ বাহিনীর সঙ্গে ভারতীয় বাহিনী অভিযান চালিয়েছে। এটা কি কোনো দায়িত্বশীল রাজনৈতিক নেত্রীর উক্তি? উনি কি প্রতিবেশীর সঙ্গে যুদ্ধ বাধাতে চান? যদি তা-ই হয়, তাহলে দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক সমৃদ্ধি হবে কী করে?’ তিনি বলেন, ‘দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য সশস্ত্র বাহিনীই যথেষ্ট। আমাদের সশস্ত্র বাহিনী পাকিস্তানি বাহিনীর চেয়েও অনেক শক্তিশালী। সুতরাং বিএনপির নেত্রী, আপনিও ইনকিলাব-এর মতো ক্ষমা চান, সঠিক কথা বলুন।’
বিএনপির বিদেশি কূটনীতিকনির্ভর রাজনীতির সমালোচনা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, খালেদা জিয়া বিদেশি রাষ্ট্রদূতদের কাছে আত্মসমর্পণ করেছেন। এটা বাংলাদেশের রাজনীতির জন্য সুখকর নয়। বিদেশিদের কাছে ধরনা দিয়ে ক্ষমতায় যাওয়া যাবে না। রাষ্ট্রদূতদের কোনো ক্ষমতা নেই রাজনৈতিক ক্ষমতা পরিবর্তন করার। কোনো মুরব্বি দিয়ে এটা সম্ভব নয়।
সৈয়দ আশরাফ বলেন, বিদেশিরা অনেক সময় দেশের রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলতে চাইলেও আওয়ামী লীগ তা প্রশ্রয় দেয় না। খালেদা জিয়া মনে করেছিলেন, কোনো দেশের রাষ্ট্রদূত তাঁকে বিজয়ী করে ক্ষমতায় বসাবেন। তিনি ক্ষমতা পাননি। নিজের মানসম্মানও রাখেননি, দেশের মানসম্মানও রাখেননি। পৃথিবীর কোথাও কোনো একটি দেশের রাষ্ট্রদূত কাউকে ক্ষমতায় বসাতে পারেনি।
সৈয়দ আশরাফ বলেন, ‘খালেদা জিয়া একদিকে বললেন, সরকার অবৈধ। আবার আলোচনার দাবিও তুললেন। কিন্তু আলোচনায় খালেদা জিয়া রাজি থাকলেও তাঁর ছেলে তারেক তা চান না। আমরা কার কথা বিশ্বাস করব। বিএনপির লেজ কে আর মাথা কে? কারা বিএনপির নীতিনির্ধারক, তা আগে ঠিক করতে হবে। তাহলে আমরা বুঝতে পারব, কার সঙ্গে কথা বলব?’ তিনি বলেন, বিএনপি ক্ষমতায় থাকতে তাদের ক্ষমতার কেন্দ্রবিন্দু ছিল দুটি; একটি প্রধানমন্ত্রীর কার্যালয়, অপরটি হাওয়া ভবন। এখনো তাদের কেন্দ্র দুটি; একটি ঢাকা, অন্যটি লন্ডন।
সোমবারের জনসভায় খালেদা জিয়া মিথ্যাচার করেছেন বলে দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, খালেদা জিয়া সত্যকে আড়াল করেছেন। তিনি সন্ত্রাস ও জঙ্গিবাদকে উৎসাহিত করেছেন। তিনি জঙ্গিদের সেনাপতি। তিনি বলেন, সরকারের গত পাঁচ বছরে কোথাও বোমা হামলা হয়নি। কোনো সাংসদ হত্যার শিকার হননি। বিচারালয় বা বিদেশি রাষ্ট্রদূতের ওপর বোমা হামলা হয়নি। ১০ ট্রাক অস্ত্র ধরা পড়েনি; কারণ, কেউ একটি অস্ত্রও আনতে পারেনি। অর্থ পাচার হয়নি। এটাই ছিল আওয়ামী লীগ ও শেখ হাসিনার শাসন। তিনি বলেন, ‘আমি বলব না, আওয়ামী লীগ শতভাগ ভুলত্রুটিমুক্ত ছিল। কিন্তু মানুষকে নিরাপত্তা দিতে আমরা ভুল করিনি।’
সৈয়দ আশরাফ দাবি করেন, খালেদা জিয়ার সোমবারের সমাবেশে অস্ত্রসহ অনেক শিবিরের ক্যাডার ছিল। তিনি বলেন, বিএনপি নির্বাচন প্রতিহত করতে গিয়ে নিরীহ মানুষকে হত্যা করেছে। নির্বাচনে গরু প্রার্থী ছিল না, কিন্তু সেগুলো হত্যা করা হলো কেন? গাছ, মাছ, মুরগি, শাকসবজি ভোটার ছিল না, এসবও রক্ষা পেল না। খালেদা জিয়ার হাতে কেউই নিরাপদ নয়।
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের অন্য কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।