২১ আগস্ট গ্রেনেড হামলার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে টেলিফোনে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে না পেয়ে তাঁর রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীকে টেলিফোনে ঘটনাটি জানিয়েছিলেন প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) তখনকার মহাপরিচালক মেজর জেনারেল সাদিক হাসান রুমি।গতকাল সোমবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এ এই মামলার পলাতক আসামি হারিছ চৌধুরীর আইনজীবীর জেরার জবাবে সাদিক হাসান এসব কথা বলেন।মেজর জেনারেল (অব.) সাদিক হাসানকে জেরার তৃতীয় দিনে হারিছ চৌধুরীর পক্ষে রাষ্ট্র নিয়োজিত আইনজীবী আবু তালেব প্রশ্ন করেন, ‘গ্রেনেড হামলা সম্পর্কে ২০০৪ সালের ২১ আগস্ট কখন হারিছ চৌধুরীকে জানিয়েছেন?’জবাবে সাদিক হাসান বলেন, ‘তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে না পেয়ে সন্ধ্যা পাঁচটা ৪৫ মিনিটে হারিছ চৌধুরীকে জানাই।’আইনজীবী: টেলিফোনে, না মোবাইল ফোনে জানিয়েছিলেন? এ বিষয়ে কোনো কল লিস্ট আছে কি?সাদিক হাসান: মোবাইল ফোনে জানিয়েছিলাম। তবে কোনো কল লিস্ট নেই।আইনজীবী: আপনি হারিছ চৌধুরীকে কোনো ফোন করেননি। আদালতে মিথ্যা সাক্ষ্য দিয়েছেন।সাদিক হাসান: এটা সত্য নয়।গতকাল হারিছ চৌধুরী ছাড়াও বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ আরও সাত আসামির পক্ষে সাবেক এই গোয়েন্দাপ্রধানকে জেরা শেষ হয়েছে। পলাতক আসামি বিএনপির সাংসদ কাজী শাহ্ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ ও পরিবহন ব্যবসায়ী মো. হানিফের পক্ষে জেরা করতে অস্বীকৃতি জানানো হয়।তারেকের পক্ষে রাষ্ট্র নিয়োজিত আইনজীবী আবুল কালাম মো. আকতার হোসেন সাক্ষী সাদিক হাসানকে জেরা করেন। আদালত তখন অন্য কারও নাম উল্লেখ না করে জেরা করতে বলেন।গতকাল আসামিপক্ষের জেরা শেষ না হওয়ায় বিচারক শাহেদ নূরউদ্দিন আগামী বুধবার পরবর্তী তারিখ ধার্য করেন।গতকাল পর্যন্ত ২৭ জন আসামির পক্ষে জেরা শেষ হয়েছে। রাষ্ট্রপক্ষে ছিলেন এই মামলায় প্রধান সরকারি কৌঁসুলি সৈয়দ রেজাউর রহমান। তাঁকে সহায়তা করেন আইনজীবী আকরাম উদ্দিন।