১০ ট্রাক অস্ত্র মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে তদন্ত করতে হলে এ নিয়ে নতুন করে থানায় মামলা করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর সরকারি কৌঁসুলি (পিপি) কামাল উদ্দিন আহাম্মদ।
গতকাল বুধবার সাংবাদিকদের কাছে কামাল উদ্দিন এ মন্তব্য করেন।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত মঙ্গলবার সংসদে বলেছেন, অস্ত্র মামলায় বিএনপির নেত্রী ও হাওয়া ভবনের নাম এসেছে। ষড়যন্ত্রের নতুন করে তদন্ত হবে। শাস্তিও হবে।
কামাল উদ্দিন বলেন, সরকার চাইলে খালেদা জিয়া জড়িত কি না, তা তদন্ত করে দেখতে পারে। এ ক্ষেত্রে রায়ের অনুলিপি পাওয়ার পর সরকারি কোনো কর্মকর্তা, সিআইডি কিংবা মামলার বাদী থানায় মামলা করতে পারেন। অথবা অধিকতর তদন্ত করে প্রতিবেদন দেওয়া যেতে পারে। পুরো বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওপর নির্ভর করছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় মামলা দায়েরের নির্দেশ দিতে পারে।
গত ৩০ জানুয়ারি ১০ ট্রাক অস্ত্র আটক ও চোরাচালান মামলায় জামায়াতের আমির মতিউর রহমান নিজামী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১৪ জনকে ফাঁসি ও যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।