'খালেদার ঘর গোছানোর জন্য পাঁচ বছর সময় দিয়েছি'
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন ‘খালেদা জিয়া গতকাল মঙ্গলবার সংবাদ সম্মেলনে যে বক্তব্য দিয়েছেন, তা সম্পূর্ণ মিথ্যাচার এবং আগের ঘটনার পুনরাবৃত্তি। তিনি মিথ্যাচারে চ্যাম্পিয়ন।’ তিনি বলেন, ‘খালেদা জিয়ার বক্তব্য শুনে মনে হয়েছে, তিনি যুদ্ধে পরাজিত সেনাপতি। তাঁর কথায় পরাজয়ের ক্ষোভ রয়েছে। তিনি শুধু পরাজিতই হননি, বিরোধী দলের নেতার পদটিও হারিয়েছেন। আসলে তিনি জনগণের চোখের ভাষা তিনি বুঝতে পারেননি।’
আজ বুধবার বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য। তিনি বলেন, ‘খালেদা জিয়া আবার ঘর গোছানোর কথা বলছেন। আমরা ঘর গোছানোর জন্য পাঁচ বছর সময় দিয়েছি।’
আওয়ামী লীগের এ জ্যেষ্ঠ নেতা বলেন, শেখ হাসিনা খালেদা জিয়াকে সর্বদলীয় সরকারে আসার আমন্ত্রণ জানিয়েছিলেন। কিন্তু আসন ভাগাভাগির কথা সম্পূর্ণ মিথ্যাচার।
নাসিম আরও বলেন, ‘খালেদা জিয়ার চারপাশের লোকজনের জন্য তাঁর ভরাডুবি হয়েছে। তিনি বলেছিলেন, কোনো দেশ আমাদের স্বীকৃতি দেবে না। অথচ একমাত্র পাকিস্তান ছাড়া পৃথিবীর সব দেশ আমাদের অভিনন্দন জানিয়েছে।’
১০ ট্রাক অস্ত্র আটক মামলা প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী নাসিম বলেন, ‘এ ঘটনা ঘটেছে খালেদা জিয়ার শাসনামলে। অথচ ১০ ট্রাক অস্ত্র আটকের পরও তিনি নীরব ছিলেন, আজও আছেন। এতেই প্রমাণ হয়, তিনি এর সঙ্গে সম্পৃক্ত। তাই এ মামলায় আমরা তাঁর বিচার চাইতেই পারি।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, নূহ-উল-আলম লেনিন, দীপু মনি, মাহবুব উল আলম হানিফ, খালিদ মাহমুদ চৌধুরী, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, হাছান মাহমুদ প্রমুখ।