'খালের ওপর নির্মিত অবৈধ সব স্থাপনা উচ্ছেদ করা হবে'
চট্টগ্রাম নগরের খাল ও নালার ওপর অবৈধভাবে নির্মিত সব স্থাপনা উচ্ছেদ করা হবে বলে জানিয়েছেন সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। খাল-নালা দখলের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানান মেয়র।
গতকাল বৃহস্পতিবার সকালে নগরের মহেশ খালের ফইল্যাতলী বাজার থেকে বড়পুল পর্যন্ত অংশের মাটি ও আবর্জনা অপসারণের কাজ পরিদর্শন করেন মেয়র। এই অংশের মাটি উত্তোলনে ১৫ লাখ টাকা ব্যয় করা হচ্ছে।
মেয়র আ জ ম নাছির উদ্দীন খাল পরিদর্শনের সময় স্থানীয় এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন। তাঁদের উদ্দেশে মেয়র বলেন, অনেকে অবৈধভাবে খাল-নালা দখল করে ঘরবািড়, ব্যবসাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করেছেন। এতে পানির স্বাভাবিক গতিপথ বাধাগ্রস্ত হচ্ছে। ফলে জলাবদ্ধতা প্রকট আকার ধারণ করেছে। সবাইকে খাল ও নালা-নর্দমায় আবর্জনা ফেলা থেকে বিরত থাকতে অনুরোধ করেন তিনি।
পরিদর্শনের সময় মেয়রের সঙ্গে উপস্থিত ছিলেন উত্তর হালিশহর ওয়ার্ডের কাউন্সিলর মো. আবুল হাসেম, স্থানীয় বাসিন্দা আরিফুল আমিন, এরশাদুল আমিন, সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. রফিকুল ইসলাম, সহকারী প্রকৌশলী অসীম বড়ুয়া প্রমুখ।