‘খাসিয়াদের ভূমির অধিকার প্রতিষ্ঠায় পৃথক কমিশন চাই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বৃহত্তর সিলেটের বিভিন্ন পাহাড়ি এলাকায় বসবাসকারী আদিবাসী খাসিয়া জনগোষ্ঠী আজও ভূমির অধিকার পায়নি। পৃথক কমিশন গঠন করে তাদের ভূমির অধিকার প্রতিষ্ঠার সুযোগ করে দিতে হবে। খাসিয়াপল্লিগুলোতে সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করতে হবে। ভূমি ও বনের ওপর খাসিয়াদের ঐতিহ্যগত অধিকার ও কর্তৃত্ব নিশ্চিত করতে হবে। খাসিয়াদের নিজস্ব সংস্কৃতি চর্চার জন্য উপজেলা পর্যায়ে একটি সাংস্কৃতিক একাডেমি স্থাপন করে দিতে হবে।’ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের সিংগুর খাসিয়াপল্লিতে দুই দিনব্যাপী তৃতীয় জাতীয় খাসিয়া ছাত্র সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে গতকাল বুধবার বক্তারা সরকারের কাছে এসব দাবি জানান। গত মঙ্গলবার সকালে মঙ্গলপ্রদীপ প্রজ্বালনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন সিংগুরপল্লির প্রধান (হেডম্যান) জামিলধার খাসিয়া।বেলা দুইটায় খাসিয়া স্টুডেন্টস ইউনিয়নের (কেএসইউ) কেন্দ্রীয় কমিটির সভাপতি বিমল লংডকিরির সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বৃহত্তর সিলেট আদিবাসী ফোরামের সভাপতি পিডিসন প্রধান সুচিয়াং, সিলেটের জাফলং খাসিয়া ফাউন্ডেশনের প্রধান নির্বাহী নেরলা তাংসং, খাসিয়া সোশ্যাল কাউন্সিলের সভাপতি জিডিসন সুচিয়াং, জামিলধার খাসিয়া, অ্যান্থনি মখিম প্রমুখ। বিকেলে খাসিয়া শিশুদের পরিবেশনায় মনোমুগ্ধকর নৃত্যানুষ্ঠান হয়। অনুষ্ঠানে মাধ্যমিক থেকে স্নাতকোত্তর পর্যায়ের বৃহত্তর সিলেটের বিভিন্ন খাসিয়াপল্লির প্রায় ৩০০ শিক্ষার্থী অংশ নেন।