
নীল রঙের ডানা ও লেজ, মাথায় সবুজাভ, শরীরের কোথাও কোথাও সোনালি পালক। ব্লু গোল্ড ম্যাকাও পাখির শরীরজুড়ে রঙের বাহার। নিজের সন্তানের মতোই এই পাখির যত্ন-আত্তি করেন ব্যাংক কর্মকর্তা মনির রাজু। কখনো তাঁর মাথায়, কখনো কাঁধে, আবার কখনোবা হাতে নিশ্চিন্তে বসে থাকে পাখিটি। তিনি জানান, ম্যাকাও পোষা পাখি। তাঁর সঙ্গে অদ্ভুত এক বন্ধনে জড়িয়ে গেছে পাখিটি। এমনকি খিদে লাগলে পাখিটি তাঁর স্ত্রীকে মা মা বলে ডাকে।
ম্যাকাও পাখিটি দেড় লাখ টাকা দিয়ে সংগ্রহ করেছেন মনির রাজু। পাখিটির বয়স এখন সাত-আট মাস। তোতা প্রজাতির মধ্যে ব্লু ম্যাকাও সবচেয়ে বড় বলে তিনি জানান। পাখির সঙ্গে মানুষের বন্ধনের নানা রূপ দেখা গেল চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে। গতকাল শনিবার এখানে পাখি প্রদর্শনীর আয়োজন করা হয়। পাখির প্রতি ভালোবাসার টানে প্রদর্শনীতে হাজির হয় ছোট-বড় নানা বয়সী মানুষ। কেউ নানা ভঙ্গিতে পাখির সঙ্গে সেলফি তুলছে, কেউবা হাতে নিয়েছে পাশি পাখি। পাখির মুখে বিভিন্ন ডাক শুনে মুগ্ধ হয়েছেন দর্শনার্থীরা।
চট্টগ্রাম বার্ড ব্রিডার্স অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম ফেন্সি পিজিয়ন ব্রিডার্স অ্যাসোসিয়েশন, অ্যাসোসিয়েশন অব এভিয়ান ভেটেরিনারিয়ানস ইন বাংলাদেশের যৌথ উদ্যোগে এই প্রদর্শনীর আয়োজন করা হয়।

‘কবুতর ও শৌখিন পাখির প্রদর্শনী এবং পাখালদের প্রশিক্ষণ কর্মশালা’ শীর্ষক এই প্রদর্শনীতে প্রায় ৩০ প্রজাতির তোতা বা প্যারটজাতীয় এবং ৪৫ প্রজাতির কবুতরজাতীয় পাখি হাজির করা হয়। ব্লু গোল্ড ম্যাকাও, বাজরিগার, ককাটেইল, লাভবার্ড, ফিঞ্চ, লরিকেট, সানকুনর, রোজেলাসহ বিভিন্ন বিদেশি পাখির দিনব্যাপী এই অনন্য প্রদর্শনী শুরু হয় সকাল নয়টায়।
প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক মো. শামসুল আরেফীন। উপস্থিত ছিলেন চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গৌতম বুদ্ধ দাশ, অ্যাসোসিয়েশন অব এভিয়ান ভেটেরিনারিয়ানস ইন বাংলাদেশের সভাপতি অধ্যাপক ভজন চন্দ্র দাস, অধ্যাপক মো. আহসানুল হক প্রমুখ।
ম্যাকাওয়ের মতো মানুষের শেখানো শব্দ অনুকরণ করে শোনাতে পারে আফ্রিকান গ্রে। ধূসর বর্ণের এই পাখির লেজের দিকটা লালচে। আয়োজকেরা জানান, এই পাখিকে এক হাজার শব্দ শেখানো যায়।
প্রদর্শনীতে হলুদ ঝুঁটিওয়ালা কোকাটো পাখিটির সৌন্দর্যও নজর কাড়ে দর্শনার্থীদের। এই পাখিও কথা বলে।
প্রদর্শনী দেখতে আসা শিক্ষার্থী সুমাইয়া আক্তার বলেন, পাখি পুষতে তাঁরও দারুণ ভালো লাগে। বিভিন্ন প্রজাতির পাখি দেখে তিনি মুগ্ধ।
কবুতর প্রজাতির পাখির খাঁচার সামনেও ভিড় ছিল দর্শনার্থীদের। ব্রাজিল থেকে আনা ক্রাউন ভিক্টোরিয়া নামের নীলচে ধূসর রঙের কবুতর দৃষ্টি কাড়ে সবার। মাথায় ময়ূরের পেখমের মতো ঝুঁটি ভিক্টোরিয়াকে দিয়েছে আলাদা বৈশিষ্ট্য। বিরল প্রজাতির এই কবুতরের জোড়া পাঁচ লাখ টাকা বলে জানান এর মালিক মো. আবদুল মালেক।