‘খিদের জ্বালায় কনটেইনারে লুকিয়ে সিঙ্গাপুর রওনা করি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘চট্টগ্রাম বন্দরের গেট দিয়ে ১১ ফেব্রুয়ারি সকালে কোনো পাস ছাড়াই জেটিতে ঢুকে পড়ি। এরপর এনসিটি-২ জেটিতে নোঙর করা এমভি হ্যানসা ক্যালিডোনিয়া জাহাজে উঠে খালি কনটেইনারে লুকিয়ে থাকি। খিদের জ্বালায় এভাবে ঝুঁকি নিয়ে বিদেশ যাওয়ার চেষ্টা করি।’জাহাজে লুকিয়ে সিঙ্গাপুর যাওয়ার সময় আটক যুবক রিপন গতকাল বুধবার বিকেলে বন্দর থানায় সাংবাদিকদের এ কথা বলেন।১১ ফেব্রুয়ারি রপ্তানি পণ্যভর্তি কনটেইনার নিয়ে এমভি হ্যানসা ক্যালিডোনিয়া জাহাজটি চট্টগ্রাম বন্দর এনসিটি-২ (নিউমুরিং কনটেইনার টার্মিনাল) জেটি ছেড়ে যায়। ছাড়ার আগে জাহাজে উঠে লুকিয়ে পড়েন রিপন। ১২ ফেব্রুয়ারি জাহাজের নাবিকেরা রিপনকে শনাক্ত করেন। পরে সিঙ্গাপুর বন্দর কর্তৃপক্ষকে অবহিত করে একই জাহাজে তাঁকে ফিরিয়ে আনা হয়।২০১০ সালের ৭ ডিসেম্বর এভাবে জাহাজের কনটেইনারে লুকিয়ে বিদেশ যাওয়ার চেষ্টা করেছিলেন রিপন। মালয়েশিয়া, ফ্রান্সশাসিত রি-ইউনিয়ন ও প্যারিস হয়ে বিমানে করে গত বছরের ১৫ জানুয়ারি তাঁকে ঢাকায় ফিরিয়ে আনা হয়। তাঁর বাড়ি বরগুনার বামনা থানার বড়তালেশ্বর গ্রামে।গতকাল বিকেলে বন্দর থানায় রিপন বলেন, ‘বিদেশে যাওয়ার উদ্দেশ্যে জাহাজে লুকিয়ে থাকি। জাহাজটি ছাড়ার পর প্রায় ১৮ ঘণ্টা একটি খালি কনটেইনারে লুকিয়ে ছিলাম। একপর্যায়ে খিদের জ্বালায় নিজেই ধরা দিই।’বন্দর সূত্রে জানা গেছে, ঘটনাটি তদন্তের জন্য বন্দরের ডকমাস্টার ক্যাপ্টেন এম ফরিদুল আলমকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা গতকাল দুপুরে এমভি হ্যানসা ক্যালিডোনিয়া জাহাজে রিপনকে জিজ্ঞাসাবাদ করেন। এরপর বন্দর কর্তৃপক্ষ তাঁকে বন্দর থানায় হস্তান্তর করে। এ ব্যাপারে বন্দরের পক্ষ থেকে রিপনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।রিপনকে বন্দরের অস্থায়ী শ্রমিক হিসেবে দাবি করে বন্দরের পরিচালক (নিরাপত্তা) লে. কর্নেল এম কামরুল ইসলাম প্রথম আলোকে বলেন, বন্দরের নিরাপত্তায় কোনো ঘাটতি ছিল না। রিপন পাস নিয়ে বন্দরের সংরক্ষিত এলাকায় ঢুকেছে; বরং জাহাজে কেউ আছে কি না, তা জাহাজ ছাড়ার আগে দায়িত্বশীল ব্যক্তিদের তল্লাশি করা উচিত ছিল।এ বিষয়ে জাহাজ পরিচালনাকারী সি কনসোর্টিয়াম (বাংলাদেশ) লিমিটেডের জ্যেষ্ঠ ব্যবস্থাপক সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, জাহাজ ছেড়ে যাওয়ার আগে নিয়মানুযায়ী তল্লাশি করা হয়েছে। কিন্তু রিপন খালি কনটেইনারে লুকিয়ে থাকায় প্রথম দিকে তাঁকে শনাক্ত করা সম্ভব হয়নি।