'খুঁটিতে দাঁড়িয়ে' ডাকঘর

শরীয়তপুরের প্রধান ডাকঘরের ভবনটির ছাদ ও বিম ভেঙে ভেঙে পড়ছে। বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কায় কর্তৃপক্ষ ছাদ ও বিমের নিচে গাবগাছের খুঁটি দিয়ে ঠেকনা দিয়েছে। বিকল্প না থাকায় জীবনের ঝুঁকি নিয়েই সেখানে কার্যক্রম চালাচ্ছেন কর্মকর্তা-কর্মচারীরা।
ডাকঘর কর্মকর্তা সূত্র জানায়, শরীয়তপুর শহরে অবস্থিত প্রধান ডাকঘরের দোতলা ভবনটি ১৯৮৪ সালে নির্মাণ করা হয়। ডাক অধিদপ্তরের প্রকৌশল বিভাগ ভবনটি নির্মাণ করে। ২০০৫ সালে ভবনের বিভিন্ন স্থানে ফাটল দেখা দেয়। ২০০৮ সালে ফাটলের স্থানগুলোতে সংস্কার করা হয়। ২০১২ সাল থেকে ভবনের কলাম (স্তম্ভ), বিম ও ছাদে ব্যাপক ফাটল দেখা দেয়। ডাকঘরের পোস্টমাস্টার ভবনের নাজুক অবস্থার কথা চিঠি দিয়ে ডাক অধিদপ্তরকে জানান। গত বছরের ১৫ মার্চ ডাক অধিদপ্তরের প্রকৌশল বিভাগ ভবনটি পরিদর্শন করে। ভবনটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে—এমন তথ্য জানিয়ে একটি প্রতিবেদন ডাক অধিদপ্তরের প্রধান কার্যালয়ে জমা দেয় পরিদর্শনকারী দলটি। ভবনটি ব্যবহার না করারও পরামর্শ দেয় দলটি। প্রধান ডাকঘরের কার্যক্রম চালানোর বিকল্প জায়গা না থাকায় এ ঝুঁকিপূর্ণ ভবনেই দাপ্তরিক কার্যক্রম চালাতে হচ্ছে। গত বছরের এপ্রিলে ঝুঁকি কমাতে ভবনের নিচতলায় গাবগাছের ১৫টি খুঁটি দিয়ে ছাদ ও বিমে ঠেকনা দেওয়া হয়।
গত মঙ্গলবার শরীয়তপুর সদর রোড়ে অবস্থিত প্রধান ডাকঘরে গিয়ে দেখা যায়, ভবনের নিচতলার ছাদে অনেকগুলো ফাটল। ছাদের পলেস্তারা ও ঢালাই খসে পড়ে রড বের হয়ে গেছে। চারটি বিম, দুটি কলাম ও দেয়ালে ফাটলের সৃষ্টি হয়েছে। গাবগাছের খুঁটি দিয়ে ঠেকনা দেওয়া কক্ষে কর্মকর্তা-কর্মচারীরা কাজ করছেন। তাঁদের চোখে-মুখে আতঙ্কের ছাপ।
ডাকঘরে সেবা নিতে আসা গ্রাহক রোকনুজ্জামান বলেন, ‘আমরা যখন ডাকঘরে প্রবেশ করি, তখন সাংঘাতিক ভয়ের মধ্যে থাকি। এভাবে কোনো পরিত্যক্ত ভবনে কার্যক্রম চালানো উচিত নয়। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।’
পোস্টমাস্টার শাহ্ মোহাম্মদ সোহেল বলেন, ‘ঝুঁকিপূর্ণ এ ভবনটিতে বসে কার্যক্রম চালাতে অনেক ভয় করে। বিকল্প ব্যবস্থা না থাকায় বাধ্য হয়ে ভবনের ভেতরে গাবগাছের খুঁটি লাগানো হয়েছে। এভাবে আর কত দিন চালানো যাবে তা নিয়ে চিন্তায় আছি।’ তিনি বলেন, জরাজীর্ণ ডাকঘর ভবন প্রকল্পে শরীয়তপুরের প্রধান ডাকঘরটিও অন্তর্ভুক্ত করা হয়েছে। নতুন ভবন নির্মাণের জন্য এটি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের বিবেচনায় রয়েছে।