'খুদে চিকিৎসক'দের মাধ্যমে স্বাস্থ্য কার্যক্রম উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামে উপজেলা পর্যায়ে গতকাল শনিবার ‘খুদে চিকিৎসক’দের কর্মকৌশল বাস্তবায়ন ও তাদের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষার কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নের সেনের খামার সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এর উদ্বোধন করেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন আনোয়ারুল হক।
ওই বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ইমদাদুল হকের সভাপত্বিতে অনুষ্ঠানে বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান, চিকিৎসক আমিনুল ইসলাম, জেলা তথ্য কর্মকর্তা নুরন্নবী খন্দকার, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আহসান হাবীব, মোগলবাসা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এনামুল হক প্রমুখ।
জানা গেছে, জেলার প্রাথমিক বিদ্যালয় এবং কিন্ডারগার্টেনসহ অন্যান্য দুই হাজার সাত শ স্কুলের প্রায় চার লক্ষাধিক শিক্ষার্থীর মধ্য থেকে ‘খুদে চিকিৎসক’ নির্বাচন করা হয়। প্রাথমিক শিক্ষা বিভাগ ও স্বাস্থ্য বিভাগ কুড়িগ্রাম সদরের উদ্যোগে এ কাজ করা হয়। প্রতিটি বিদ্যালয়ে তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে ১৫-১৮ জন খুদে চিকিৎসক নির্বাচন করা হয়। পরে তাদের প্রশিক্ষণ দেওয়া হয়। এরপর ‘খুদে চিকিৎসক’দের মাধ্যমে সব শিক্ষার্থীকে হাত ধোয়া, কৃমিনাশক ওষুধ খাওয়ানোসহ শরীর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং পরিবারের সদস্যদের সচেতনতা বাড়ানোর ওপর হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।