'খুদে ডাক্তার' কর্মসূচি শুরু
প্রাথমিক স্তরের প্রায় আড়াই কোটি শিক্ষার্থীর স্বাস্থ্য পরীক্ষা করবে তাদের সহপাঠীরা। এরা ‘খুদে ডাক্তার’। গতকাল শনিবার দেশের বিভিন্ন স্কুলে স্বাস্থ্য পরীক্ষার কাজ শুরু হয়েছে।
সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের রোগনিয়ন্ত্রণ শাখা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহায়তায় ‘খুদে ডাক্তার’ কর্মসূচি বাস্তবায়ন করছে। গতকাল শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস মিলনায়তনে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এস এম আশরাফুল ইসলাম।
অনুষ্ঠানে বলা হয়, দেশের এক লাখ ৬০ হাজার ৩৪টি সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় আড়াই কোটি শিক্ষার্থীদের উচ্চতা, ওজন ও দৃষ্টিশক্তি পরীক্ষা করবে শিক্ষার্থীরা। এদের সংখ্যা ১৫ লাখ। প্রতিটি বিদ্যালয়ের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে প্রতিটি স্কুলে ‘খুদে ডাক্তার’দের দল তৈরি করা হচ্ছে।
রোগনিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক বে-নজির আহমেদ বলেন, দেশব্যাপী জেলা পর্যায়ে সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, মেডিকেল অফিসার (রোগনিয়ন্ত্রণ), উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের অ্যাডভোকেসি সভা করা হয়েছে। প্রতিটি স্কুলের প্রধান শিক্ষকদের এ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে জানানো হয়, খুদে ডাক্তাররা বছরে দুবার সহপাঠীদের স্বাস্থ্য পরীক্ষা করবে। এ ছাড়া তারা কৃমিনাশক খাওয়ানো, ভিটামিন ‘এ’ খাওয়ানো কর্মসূচিতে সহায়তা করবে। বিশ্ব স্বাস্থ্য দিবসসহ বিভিন্ন দিবসের কর্মসূচিতেও তারা অংশ নেবে। স্বাস্থ্য পরীক্ষার কাজ গতকাল শুরু হয়েছে। প্রথম পর্যায় শেষ হবে আগামীকাল।
অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শ্যামল কান্তি ঘোষ বক্তব্য দেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে মহাখালীর আমতলী স্টাফ ওয়েলফেয়ার প্রাথমিক বিদ্যালয়ের ‘খুদে ডাক্তার’রা উচ্চতা, ওজন ও দৃষ্টিশক্তি পরীক্ষার একটি মহড়া দেখায়।